ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে হাস্যরসের ছলে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং দায়িত্বটি বুঝিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির খবর অনুযায়ী, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর গুরুভার এখন ভ্যান্সের কাঁধে, যাকে অনেকেই ভ্যান্সের জন্য এক ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে দেখছেন।
গত সপ্তাহে ইস্ট রুমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাম্প রসিকতা করে বলেন, ‘ইরানের সঙ্গে চুক্তি যদি না হয়, তবে আমি জেডি ভ্যান্সকে দোষ দেব। আর যদি এটা সফল হয়, তবে আমি এর পুরো কৃতিত্ব নেব।’ ট্রাম্পের এই কথায় উপস্থিত সবাই হেসে উঠলেও, বিশ্লেষকরা মনে করছেন—এর মাধ্যমে ভ্যান্সকে একটি চরম ‘উভয় সংকটে’র মুখে ফেলে দিয়েছেন প্রেসিডেন্ট।
ইসলামাবাদে ইরানের সঙ্গে আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জেডি ভ্যান্স। এটি তার ভাইস-প্রেসিডেন্সির এযাবৎকালের সবচেয়ে কঠিন দায়িত্ব। টানা ছয় সপ্তাহের যুদ্ধে মধ্যপ্রাচ্য লন্ডভন্ড ও বিশ্ব অর্থনীতি বড় ধরনের সংকটে পড়ার কারণে দুই দেশের মধ্যে চরম অবিশ্বাস তৈরি হয়েছে। এমন বৈরী পরিবেশে বিবদমান সব পক্ষকে খুশি করে একটি শান্তি চুক্তিতে পৌঁছানো ভ্যান্সের জন্য ‘আগুনের ওপর দিয়ে হাঁটার মতোই কঠিন এক চ্যালেঞ্জ’।
ভ্যান্সের এই কূটনৈতিক মিশনের ওপর গভীর নজর রাখছে মার্কিন মিত্ররাও। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন, ভ্যান্সকে এই আলোচনায় বিশেষ কিছু করে দেখাতে হবে। তিনি বলেন, ‘তাকে নিজের গুরুত্ব প্রমাণ করতে হবে, নতুবা আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা কমে যাবে।’ সূত্র: বিবিসি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ