র‍্যাবের অভিযানে ‘শুটার সানি’ গ্রেপ্তার

র‍্যাবের অভিযানে ‘শুটার সানি’ গ্রেপ্তার

সুরুজ মিয়া, শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে শাহজালাল আহমেদ সানি ওরফে ‘শুটার সানি’ নামে এক দুর্ধর্ষ অপরাধীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। গ্রেপ্তারকৃত সানি একাধিক চাঞ্চল্যকর অস্ত্র মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে র‍্যাব-১১-এর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১-এর একটি চৌকস দল শিবপুর উপজেলার শহীদ মিনার (ইটাখোলা) এলাকায় অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলা সানি ওই এলাকায় অবস্থান করছে জানতে পেরে র‍্যাব সদস্যরা সেখানে হানা দেয় এবং তাকে আটক করতে সক্ষম হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত শাহজালাল আহমেদ সানি দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া ছিল। তার বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

র‍্যাব সূত্র নিশ্চিত করেছে যে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সানিকে শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

এদিকে, দুর্ধর্ষ এই অস্ত্রধারী গ্রেপ্তার হওয়ার খবরে শিবপুর ও ইটাখোলা এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন