ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সৌরভ হোসেন, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি: ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ডিবি পুলিশ পরিচয়ে এক তরুণীকে অপহরণ চেষ্টার অভিযোগে ৬ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— পলাশ হোসেন প্রকাশ ইউনুছ মিয়া (১৯), মো. শাওন (১৯), পলাশ আহম্মদ (২২), ইমরান হোসেন রিহান (১৯), মিনহাজুল আলম তামিম (১৮) এবং আব্দুল আহাদ মেজবাহ (১৯)। গ্রেপ্তারদের মধ্যে একজন ফেনী সদরের এবং অন্য ৫ জন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা একটি হাইস মাইক্রোবাসে পুলিশের স্টিকার লাগিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা এলাকায় যায়। সেখানে তারা কৌশলে এক মাদরাসা পড়ুয়া তরুণীকে তুলে নেওয়ার চেষ্টা চালায় এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায়। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী স্থানীয় বিট পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসসহ ওই ৬ জনকে আটক করে।
ফেনী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক অনুপ কুমার বিশ্বাস জানান, ঘটনাস্থল থেকে পুলিশের মনোগ্রামযুক্ত স্টিকার লাগানো একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রেমঘটিত বিষয়ের জেরে ওই তরুণীকে অপহরণের পরিকল্পনা করা হয়েছিল। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম জানান, অপহরণের উদ্দেশ্যে তারা সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ও স্টিকার ব্যবহার করেছিল। স্থানীয়দের সতর্কতায় বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের প্রতারণা রোধে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে জানাতে হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ