ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধের প্রতিবাদে ইরাকের রাজধানী বাগদাদসহ দেশটির প্রধান শহরগুলোতে উত্তাল বিক্ষোভ করেছেন লাখ লাখ মানুষ।
শনিবার (৪ এপ্রিল) ইরাকি শিয়া নেতা মুকতাদা আল-সাদরের আহ্বানে সাড়া দিয়ে এই বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
বাগদাদের ঐতিহাসিক তাহরির স্কোয়ারে নারী-পুরুষ নির্বিশেষে হাজার হাজার মানুষের ঢল নামে। বিক্ষোভকারীরা ইরাকের জাতীয় পতাকা হাতে নিয়ে ‘না, না ইসরাইল’ এবং ‘না, না আমেরিকা’ স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন। কেবল বাগদাদ নয়, বসরা, নাজাফ এবং অন্যান্য শিয়া প্রধান ১২টি প্রদেশেও একযোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
সমাবেশে অংশ নেওয়া চল্লিশোর্ধ্ব ধীরগাম সামির এএফপি-কে বলেন, “আমেরিকা ও ইসরাইল এই অঞ্চলের দেশগুলোর ওপর যে আগ্রাসন চালাচ্ছে, তা কোনো সামরিক যুদ্ধ নয়; বরং একটি অর্থহীন গণহত্যা। তারা সাধারণ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।”
আরেক বিক্ষোভকারী আলী আল-ফারতুসি বলেন, “জায়নবাদী ও মার্কিন শক্তি পুরো বিশ্বের মানুষের অধিকার লঙ্ঘন করছে। আজ সময় এসেছে মানবতাবাদীদের ঐক্যবদ্ধ হওয়ার এবং এই অন্যায় আগ্রাসন থামানোর।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরাইল জোটের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বিরাজ করছে। ইরাক সরাসরি এই যুদ্ধে জড়াতে না চাইলেও ভৌগোলিক কারণে দেশটির অভ্যন্তরে বিভিন্ন সময় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। মুকতাদা আল-সাদর এই ‘জায়নবাদী-মার্কিন আগ্রাসনের’ কঠোর নিন্দা জানিয়ে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছিলেন।
বিক্ষোভ শেষে এক বিবৃতিতে আল-সাদর তার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের এই গৌরবময় অবস্থান বন্ধুদের আনন্দিত করবে এবং শত্রুদের অন্তরে ভয়ের সঞ্চার করবে।”
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ