শিগগিরই ইরানে পৌঁছাতে পারে রুশ ড্রোন

শিগগিরই ইরানে পৌঁছাতে পারে রুশ ড্রোন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ইরানে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া, যা শিগগিরই দেশটিতে পৌঁছাতে পারে। দুই মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। তাদের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পরপরই গোপনে ক্রেমলিনের সাথে আলোচনা হয়েছে ইরানের। মার্চের শুরুতেই পাঠানো হয়েছে সহায়তা। ড্রোন ছাড়াও ওষুধ ও খাবার রয়েছে মস্কোর জাহাজে। যা চলতি মাসের শেষ নাগাদই পৌঁছে যাওয়ার কথা ইরানের বন্দরে।

এর আগে, তেহরানকে স্যাটেলাইট ছবি ও গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে মিত্র মস্কো। এ বিষয়ে জানতে চাইলে সরাসরি স্বীকার করেননি ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ। উল্টো বলেছেন, অনেক ভুয়া তথ্য ঘুরে বেড়াচ্ছে। তবে, ইরানের নেতৃত্বের সাথে আলোচনা চলছে বলে স্বীকার করেন তিনি। এর আগে, ইরানে ওষুধসহ মানবিক সহায়তা পাঠানোর কথা বলেছিল মস্কো। গত সপ্তাহেই আজারবাইজানের মাধ্যমে ১৩ টন ওষুধ পাঠানোর কথাও জানায়।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন