সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান, আছে বৃষ্টির শঙ্কা

সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান, আছে বৃষ্টির শঙ্কা

বাংলাদেশ ও পাকিস্তান—সিরিজ জিতবে কোন দল? এই উত্তর পাওয়া যাবে আজ। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে আজ দুপুরে মাঠে নামছে দুই দল। প্রথম দুই ওয়ানডে শেষে সিরিজ এখন ১-১ সমতায়। অলিখিত এই ফাইনালে সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দলের লড়াই ছাপিয়ে বৃষ্টির সম্ভাবনা নিয়ে চিন্তায় রয়েছে উভয় পক্ষই।

দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ১২৮ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছিল পাকিস্তান। আজ সিরিজ নির্ধারণী ম্যাচেও বৃষ্টির হানা দেওয়ার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আশার কথা হলো, ম্যাচ শুরুর সময় বৃষ্টির সম্ভাবনা কম থাকায় যথাসময়েই খেলা শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচে জয়ের জন্য দুই দলই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর টাইগাররা শেষ ম্যাচে একাদশ ও কৌশলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। ওপেনিংয়ে পরিবর্তনের পাশাপাশি বোলিং আক্রমণেও আসতে পারে রদবদল। অন্যদিকে, দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান শিবির সিরিজ জয় করতে মরিয়া হয়ে আছে।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের দাপুটে পারফরম্যান্স সিরিজের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। উভয় দলের লক্ষ্য এখন একটাই—সিরিজের ট্রফি নিজেদের করে নেওয়া।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন