মোকামতলায় তেলের দাম নিয়ে বিবাদ: থানায় লিখিত অভিযোগ

মোকামতলায় তেলের দাম নিয়ে বিবাদ: থানায় লিখিত অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নে তেলের অতিরিক্ত দাম চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সোহেল আহমেদ (৫০) তিনজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার শংকরপুর গ্রামের সোহেল আহমেদ স্থানীয় একটি দোকানে পেট্রোল কিনতে যান। এ সময় দোকানদার ১ লিটার পেট্রোলের জন্য ১৪০ টাকা দাবি করেন। সোহেল আহমেদ সরকার নির্ধারিত দামে তেল বিক্রির অনুরোধ করলে বিক্রেতা শাহ সুলতান সজিবসহ অন্যরা তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও মারধর করেন।

 প্রাথমিক ঘটনার পর সোহেল আহমেদ সেখান থেকে চলে যান। তবে দুপুর ২টার দিকে তিনি মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা পুনরায় তাঁর গতিরোধ করেন। লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, অভিযুক্তরা লাঠি দিয়ে আঘাত করলে তিনি মোটরসাইকেলসহ মাটিতে পড়ে যান। এতে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে যায় এবং তাঁর স্ত্রীকেও মারধরের চেষ্টা করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী সোহেল আহমেদ একই এলাকার শাহ সুলতান সজিব (২২), সিমা আক্তার (৪২) ও মিজানুর রহমানের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। তাঁর দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় তেলের অবৈধ ব্যবসা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করে আসছেন।

 শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামা অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান:

“একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

রমজান মাস ও তেলের বর্তমান বাজার পরিস্থিতিতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন