ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
প্রতিবছর চন্দ্র নববর্ষ বা ‘লুনার নিউইয়ার’-এর ছুটি ঘিরে কোটি কোটি মানুষ চীনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করে। কেউ নিজ শহরে ফিরে পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হন, আবার কেউ দীর্ঘ উৎসবকালীন ছুটিতে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।
এই সময়টাতেই বিশ্বের সবচেয়ে বড় ‘অ্যানুয়াল মাইগ্রেশন বা মানব অভিবাসন’ হয়। অর্থাৎ এই উৎসব ঘিরে বিশালসংখ্যক মানুষ এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন।
চন্দ্র নববর্ষকে কেন্দ্র করে এই বিশাল ভ্রমণের চাপকে চীনা ভাষায় বলা হয় ‘চুনুন’। এটি শুধু উৎসবের যাত্রা নয়, বরং দেশটির অর্থনীতির অবস্থা বোঝার একটি গুরুত্বপূর্ণ সূচক এবং চীনের বিশাল পরিবহন ব্যবস্থার সক্ষমতার বড় পরীক্ষা হিসেবে দেখা হয়।
এই বছরের ‘লুনার নিউইয়ার’ বা চন্দ্র নববর্ষে ভ্রমণ শুরু হয়েছে ২ ফেব্রুয়ারি এবং ৪০ দিন ধরে চলবে। সরকারি ছুটি ১৫ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। কর্মকর্তারা আশা করছেন, ৪০ দিনের মধ্যে দেশে রেকর্ড ৯.৫ বিলিয়ন অভ্যন্তরীণ ভ্রমণ হবে, যেখানে গত বছর সংখ্যা ছিল প্রায় ৯.০২ বিলিয়ন।
২০২৩ সালে পরিবহন মন্ত্রণালয় পুনর্গঠন করলে প্রধান জাতীয় এক্সপ্রেসওয়েতে সড়কপথে ভ্রমণও পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়েছে। উৎসব ঘিরে ২ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রেলপথে ১.০১ বিলিয়ন যাত্রী পরিবহন করা হয়েছে। প্রথম সপ্তাহে, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি পর্যন্ত, ১৬.৩২ মিলিয়ন যাত্রী যাতায়াত করেছেন। ধারণা করা হচ্ছে, ৪০ দিনের পুরো সময়ে রেলপথে মোট প্রায় ৯.৫ মিলিয়ন যাত্রী পরিবহন হতে পারে।
চীনের শীর্ষ ভ্রমণ সংস্থাগুলোর মতে, এ বছর আন্তর্জাতিক ভ্রমণ বেড়েছে। ছুটি এক দিন বাড়িয়ে মোট ৯ দিন হওয়ায় দেশি ভ্রমণকারীদের চাহিদা বেশি দেখা যাচ্ছে উষ্ণ আবহাওয়ার স্থান যেমন হাইনান দ্বীপ প্রদেশ এবং তুষারক্রীড়ার জন্য পরিচিত চাংবাই পাহাড়ে।
আন্তর্জাতিকভাবে গ্রীষ্মমণ্ডলীয় দেশ যেমন থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া বেশি জনপ্রিয়। ২০২৫ সালের ডিসেম্বর থেকে চীনা পর্যটকদের জন্য ভিসামুক্ত ভ্রমণ শুরু হওয়ায় রাশিয়াও জনপ্রিয় হয়েছে। তবে দীর্ঘদিনের জনপ্রিয় গন্তব্য জাপানে ভ্রমণ চাহিদা কমে গেছে, দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে।
সরকারিভাবে বসন্ত উৎসবের ছুটি এক দিন বাড়ানোয় ভ্রমণের চাপ বেড়েছে। এছাড়া চীন তাদের ভিসামুক্ত প্রবেশ নীতি ৪৫টিরও বেশি দেশে সম্প্রসারিত করেছে। ফলে ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ আরও কয়েকটি দেশের নাগরিক সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত চীনে অবস্থান করতে পারছেন।
সূত্র: বিবিসি
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ