খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: তারেক চেয়ারম্যান ও শাহজাহান মহাসচিব

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: তারেক চেয়ারম্যান ও শাহজাহান মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মেজর (অব.) এ টি এম হামিদুল হোসেন তারেক (বীর বিক্রম)-কে চেয়ারম্যান এবং আলহাজ্ব মো. শাহজাহান কবির (বীর প্রতীক)-কে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখে সংগঠনের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাব উদ্দিন আহমেদ (বীর উত্তম)-এর মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। সংগঠনের কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আজ এক জরুরি সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা আলোচনার মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেন।

নবনির্বাচিত কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তিন জন বীর মুক্তিযোদ্ধা। তারা হলেন— গোলাম আজাদ (বীর প্রতীক)মাহবুব এলাহী রঞ্জু (বীর প্রতীক) এবং মিজানুর রহমান খান (বীর প্রতীক)। এছাড়া যুগ্ম-মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ মো. ইদ্রিস আলী (বীর প্রতীক)

কমিটি গঠনের পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান মেজর (অব.) এ টি এম হামিদুল হোসেন তারেক (বীর বিক্রম) বলেন, "আমরা বীর মুক্তিযোদ্ধাদের অধিকার রক্ষা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত আদর্শ ও চেতনা বাস্তবায়নে অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।"

নতুন এই কমিটি দায়িত্ব নেওয়ার পর সংগঠনের পক্ষ থেকে দেশব্যাপী মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন জনহিতকর এবং দেশপ্রেমমূলক কর্মকাণ্ড আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

মন্তব্য করুন