ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী: পবিত্র মাহে রমজান আসতে আর মাত্র দুই দিন বাকি। রহমত, বরকত ও মাগফিরাতের এই মাসকে সামনে রেখে ফেনী জেলার প্রতিটি মসজিদে এখন সাজ সাজ রব পড়ে গেছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে তারাবিহ ও ইফতারের আয়োজন—সব মিলিয়ে এক উৎসবমুখর প্রস্তুতি চলছে জেলা জুড়ে।
জেলার বিভিন্ন ইউনিয়নের ছোট-বড় প্রতিটি মসজিদে গেলেই চোখে পড়ছে প্রস্তুতির ব্যস্ততা। মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদত নিশ্চিত করতে মসজিদ কমিটি ও স্থানীয় তরুণরা হাতে নিয়েছেন নানা উদ্যোগ। অনেক মসজিদে চলছে রঙের কাজ, কার্পেট ধোয়া, ফ্যান ও এসি মেরামত এবং অজুখানার সংস্কার। অনেক জায়গায় নতুন সাউন্ড সিস্টেম বসানো হচ্ছে।
ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদসহ প্রধান মসজিদগুলোতে খতম তারাবিহর জন্য নিয়োগ দেওয়া হয়েছে অভিজ্ঞ হাফেজদের। জেলা জুড়ে কোরআন খতম করার জন্য হাফেজরা আসতে শুরু করেছেন। বিশেষ করে ফেনীর স্বনামধন্য প্রতিষ্ঠান রশিদিয়া হাফেজিয়া মাদ্রাসার পক্ষ থেকে প্রায় দুই শতাধিক হাফেজ জেলার বিভিন্ন মসজিদে কোরআন খতমের দায়িত্ব পালন করবেন। প্রতি বছরের মতো এবারও মসজিদগুলোতে থাকবে কোরআন তিলাওয়াত ও মাসব্যাপী ইফতারের বিশেষ আয়োজন। বিত্তবানদের সহযোগিতায় অসহায়দের মাঝে ইফতার বিতরণের প্রস্তুতিও শুরু হয়েছে।
মসজিদের ইমামরা বলছেন, রমজান শুধু উপবাসের নয়, বরং আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। নামাজের পাশাপাশি ধর্মীয় আলোচনার মাধ্যমে মুসল্লিদের তাকওয়া অর্জনে সহায়তা করাই তাঁদের মূল লক্ষ্য। এদিকে রমজানে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসন জানিয়েছে, রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ইবাদত সম্পন্ন করতে এই সম্মিলিত প্রস্তুতি স্থানীয়দের মনে ধর্মীয় অনুপ্রেরণা জাগিয়ে তুলছে।
সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ