ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন, শহীদ সালাউদ্দিন সেনানিবাস (ঘাটাইল)-এর মেজর ইউসুফ। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কালিহাতী প্রেসক্লাব ও কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মেজর ইউসুফ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর কর্মপরিকল্পনা ও দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনী সব ধরনের সহযোগিতা প্রদান করবে।”
মেজর ইউসুফ সাফ জানিয়ে দেন, নির্বাচনকালীন কোনো ধরনের অনিয়ম, সহিংসতা বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচনী নিরাপত্তা ও সংবাদ সংগ্রহের সময় সেনাবাহিনীর সাথে সমন্বয়ের বিষয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন। মেজর ইউসুফ সাংবাদিকদের সকল প্রশ্নের উত্তর দেন এবং মাঠপর্যায়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। স্থানীয় সংবাদকর্মীরা সেনাবাহিনীর এই উদ্যোগকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
সভায় উপস্থিত ছিলেন কালিহাতী প্রেস ক্লাবের আহ্বায়ক রশিদ আহমেদ আব্বাসী, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, সহ-সভাপতি সুমন চন্দ্র ঘোষ, আনিসুর রহমান শেলী, সাধারণ সম্পাদক মনির হোসেনসহ কালিহাতীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ