অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত বেগম রোকেয়া

অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত বেগম রোকেয়া

মহসিন মিয়া, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার নারী জাগরণের পথিকৃৎ, স্বাবলম্বী উন্নয়ন সমিতির (এসইউএস) প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষিকা বেগম রোকেয়া ওরফে মস্তুরা (৭৯) অগণিত মানুষের শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা সদরের সাতপাই পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

সকাল ৯টায় নেত্রকোনা চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে তাঁর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধার জন্য এসইউএস কার্যালয় ও কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হলে সেখানে ঢল নামে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের। জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের পক্ষ থেকে তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়।

নেত্রকোনা জেলা শহরের নিখিলনাথ সড়কের বাসিন্দা বেগম রোকেয়া গত ৩০ জানুয়ারি সুইডেনের স্টকহোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দুই কন্যা সন্তান রেখে গেছেন। ১৯৮৬ সালে তিনি অত্যন্ত ক্ষুদ্র পরিসরে দরিদ্র ও বঞ্চিত নারীদের কল্যাণে ‘স্বাবলম্বী উন্নয়ন সমিতি’ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে নারী অধিকার ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এক নীরব বিপ্লব ঘটায়। স্থানীয়দের কাছে তিনি ‘মস্তুরা আপা’ নামেই সমধিক পরিচিত ও শ্রদ্ধার পাত্রী ছিলেন।

বেগম রোকেয়ার মৃত্যুতে নেত্রকোনার সামাজিক ও উন্নয়ন সংস্থাসমূহের মাঝে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন