ভারত-পাকিস্তান ম্যাচ ইস্যুতে আইসিসির জরুরি বৈঠক, পাকিস্তানে বিসিবি সভাপতি

ভারত-পাকিস্তান ম্যাচ ইস্যুতে আইসিসির জরুরি বৈঠক, পাকিস্তানে বিসিবি সভাপতি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আলোচনা চলমান রয়েছে। এই ইস্যুতে দৃশ্যমান অগ্রগতির অংশ হিসেবে আইসিসি জরুরি বোর্ড মিটিং ডেকেছে।

এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন। তিনি আজ রবিবার আইসিসির জরুরি ভার্চুয়াল সভায় অংশ নেবেন। বৈঠকে অন্যান্য বোর্ডের প্রতিনিধিরাও যুক্ত থাকবেন বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকায় ফেরার আগে আমিনুল ইসলাম পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভির সঙ্গেও বৈঠক করবেন।

উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ার পর বিষয়টি সমাধানে সক্রিয় হয় আইসিসি।

এর আগে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যখন বিসিসিআইয়ের সিদ্ধান্তে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। এর পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিসিবি আইসিসির কাছে বিশ্বকাপে ভারতের বাইরে নিজেদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়। তবে সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়।

পরবর্তীতে আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তের পর পাকিস্তান সরকারিভাবে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কটের ঘোষণা দেয়, যা আইসিসির ভেতরে চাপ বাড়িয়ে তোলে।

কারণ, ভারত-পাকিস্তান ম্যাচকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে লাভজনক ইভেন্টগুলোর একটি হিসেবে ধরা হয়। সম্প্রচার, স্পন্সরশিপ, বিজ্ঞাপন ও টিকিট বিক্রি মিলিয়ে একটি ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচের বাণিজ্যিক মূল্য প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বা প্রায় ৪৫ হাজার কোটি ভারতীয় রুপি বলে ধারণা করা হয়।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপন স্লটের মূল্য ২৫ থেকে ৪০ লাখ রুপি পর্যন্ত হয়ে থাকে। ম্যাচটি বয়কট হলে সবচেয়ে তাৎক্ষণিক আর্থিক ক্ষতির মুখে পড়বে সম্প্রচারকারী প্রতিষ্ঠান। পূর্বাভাস অনুযায়ী, শুধু এই ম্যাচ থেকেই প্রায় ৩০০ কোটি রুপি বিজ্ঞাপন আয়ের সম্ভাবনা ছিল।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন