ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: আইন ও বিচারব্যবস্থা নিয়ে তরুণদের যুক্তিবাদী চিন্তা বিকাশে আয়োজিত “ইন্টার ইউনিভার্সিটি ডিবেট অন লিগ্যাল ইস্যুজ”-এ চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আইন বিভাগের দল "Law Verse"। শুক্রবার রাজধানীর ফার্মগেটের আর. এইচ. হোম সেন্টারে ‘হক ল একাডেমি’ কর্তৃক প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সারাদেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় গোবিপ্রবির প্রতিনিধিত্ব করেন মো. ইমন হোসেন, খন্দকার রামিম হাসান পায়েল ও ফাঈদ হোসেন। প্রথম রাউন্ডে ১২টি দল উত্তীর্ণ হওয়ার পর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের কঠিন ধাপ পেরিয়ে ফাইনালে লড়াই করে গোবিপ্রবি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।
ফাইনালে সরকারি দল হিসেবে বিইউপি এবং বিরোধী দল হিসেবে গোবিপ্রবির বিতার্কিকরা সমসাময়িক আইন ও বিচারসংক্রান্ত ইস্যুতে তথ্যনির্ভর যুক্তি উপস্থাপন করেন। এতে বিরোধী দলীয় নেতা হিসেবে ইমন হোসেন, উপনেতা হিসেবে ফাঈদ হোসেন এবং সাংসদ হিসেবে খন্দকার রামীম হাসানের ক্ষুরধার যুক্তি বিচারকদের নজর কাড়ে এবং গোবিপ্রবিকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব এনে দেয়।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ১২ হাজার টাকা এবং রানার্সআপ বিইউপি দলকে ট্রফিসহ ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি বিতার্কিককে সনদ প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম বলেন, “এ ধরনের আয়োজন ভবিষ্যৎ আইনজ্ঞ ও নীতিনির্ধারকদের চিন্তাশক্তি এবং গণতান্ত্রিক বিতর্ক সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রতিষ্ঠানটির পরিচালক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তারিকুল আলম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আহাদসহ বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ