যুক্তরাষ্ট্রের বাজারে প্রথমবার রুশ ডিজেলবাহী ট্যাঙ্কার

প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের বাজারে প্রথমবার রুশ ডিজেলবাহী ট্যাঙ্কার

অনলাইন ডেস্ক: মার্কিন বাজারের ইতিহাসে এই প্রথমবার রুশ ডিজেল সরবরাহের প্রথম চালান নিয়ে একটি বড় ট্যাঙ্কার রাশিয়ার প্রিমোর্স্ক বন্দর ত্যাগ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বাড়ানোর সাম্প্রতিক চুক্তির পর এটিই প্রথম কোনো দৃশ্যমান পদক্ষেপ।

জ্বালানি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ‘এনার্জি অ্যাসপেক্টস’-এর তথ্য অনুযায়ী, মাল্টার পতাকাবাহী ‘আগিওই ফানেনদেস’ নামের ট্যাঙ্কারটিতে মোট দুই লাখ ৯৮ হাজার ব্যারেল ডিজেল রয়েছে। এটি আগামী ১০ নভেম্বরের মধ্যে নিউইয়র্ক বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন বাজারে জ্বালানির উচ্চমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যেই মূলত ট্রাম্প মস্কোর ওপর থেকে জ্বালানি নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রথম এই ট্যাঙ্কারটি গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের জ্বালানি চালান নিয়মিত হতে পারে। তবে মার্কিন দৈনিক চাহিদার তুলনায় (প্রতিদিন প্রায় ৩৮ লাখ ব্যারেল) এই চালানের পরিমাণ খুবই সামান্য হওয়ায় এতে দেশটিতে ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে কমবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে জ্বালানি বাণিজ্যের পাশাপাশি কূটনৈতিক ফ্রমেও বড় ধরনের অগ্রগতির আভাস মিলেছে। পেসকভ জানিয়েছেন, রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্বে স্থগিত থাকা কূটনৈতিক আলোচনা আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পুনরায় শুরুর জোরালো পরিকল্পনা রয়েছে। চলতি সপ্তাহে সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকের পরই মূলত এই উদ্যোগের কথা জানাল মস্কো।

অন্যদিকে, স্টারলিংক ও সামরিক যোগাযোগ ব্যবস্থা ‘স্টারশিল্ড’-এর ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি করেছেন ট্রাম্প। তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নেটওয়ার্কে এখনও নানাবিধ সমস্যা রয়ে গেছে এবং দ্রুতগতির ড্রোনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় তাদের সামরিক অভিযান ও প্রতিরক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে।

সকালবেলা / নুসরাত