১০০ গুণী শিক্ষককে জাতীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত: মাহদী আমিন
অনলাইন ডেস্ক: আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার পরিসর ব্যাপক আকারে বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার। দীর্ঘদিন ধরে চলে আসা মাত্র ১২ জনের পরিবর্তে এবার প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের ১০০ জন শিক্ষককে এই বিশেষ সম্মাননার আওতায় আনা হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এই তথ্য জানান।
সভায় ড. মাহদী আমিন বলেন, “দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে মাত্র ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা প্রদান করা হতো। শিক্ষকতার মহান পেশাকে অনুপ্রাণিত করতে এবং শিক্ষকদের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে এ বছর প্রথমবারের মতো এই সংখ্যাটি বাড়িয়ে ১০০ জন করার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।”
তিনি আরও জানান, এই সম্মাননার ব্যাপ্তি থাকবে তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষকরাও এই সম্মাননার জন্য বিবেচিত হবেন।
এছাড়া কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষকরাও এই সম্মাননা তালিকায় স্থান পাবেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষায়িত শাখা যেমন—চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের গবেষক ও শিক্ষকদেরও নিরপেক্ষভাবে নির্বাচন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।