৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ণ
৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে:  পানিসম্পদমন্ত্রী

 জাতীয় ডেস্ক: পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘৫ আগস্টের প্রেক্ষাপট হঠাৎ করে আসেনি। এই দিনটির জন্য আমাদের দীর্ঘ ১৭ বছর ধরে নিরবচ্ছিন্ন লড়াই-সংগ্রাম করতে হয়েছে। ছাত্র-যুবক, তরুণ-তরুণী ও দেশের সাধারণ মানুষ মাঠে থেকে রক্ত ঝরিয়ে ও আন্দোলন করে এই ঐতিহাসিক ক্ষেত্র তৈরি করেছে।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-৩ যৌথভাবে এই মানবিক কর্মসূচির আয়োজন করে।

সরকারের বিভিন্ন চ্যালেঞ্জ ও বিরোধীদলের ভূমিকা তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, "আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরোধীদল সরকার পরিচালনায় অসহযোগিতা করে আসছে। তারা বেহেশতের কথা বলে এবং ভোটের আগে সুযোগ নিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে। কিন্তু কোনো অসৎ সুযোগ বা কারসাজি করে বাংলাদেশ ও জনগণের ক্ষতি করার চেষ্টা করা হলে তা বিএনপি ও তারেক রহমানের সরকার বরদাশত করবে না।"

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা এবং চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও চিকিৎসা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন