নাটোরে পুকুরে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ণ
নাটোরে পুকুরে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশু ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—ঈশ্বরেরপাড়া গ্রামের আতিকুল ইসলামের ছেলে আতিয়ার (৯) ও মেয়ে আবু বক্কর (৬)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলের দিকে বাড়ির পাশে খেলাধুলা করার একপর্যায়ে সবার অগোচরে তারা পাশের পুকুরের পানিতে নেমে যায়। দীর্ঘ সময় তাদের সাড়াশব্দ না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পুকুর থেকে দুজনের অচেতন দেহ উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

সন্তানদের হারিয়ে বাকরুদ্ধ বাবা আতিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার দুটি সন্তান একসঙ্গেই শেষ হয়ে গেল। ওরা খেলতে গিয়ে কখন পুকুরে নেমেছে, তা কেউ খেয়াল করতে পারি নাই।" এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খেলতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন