হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণে দাবি করে ‘আল্লাহর প্রশংসা’ করলেন ট্রাম্প
অনলাইন ডেস্ক: কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হোরমুজ প্রণালীর ওপর বর্তমানে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বিস্ফোরক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের শক্ত নৌঅবরোধের কাছে ইরানের সামরিক ও অর্থনৈতিক ক্ষমতা সম্পূর্ণ ধসে পড়েছে।
পোস্টে ট্রাম্প লেখেন, "আমেরিকার হরমুজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমার মনে হয় আমরা এটা আমাদের দখলেই রাখবো! আমাদের নৌঅবরোধকে সবাই ইস্পাতের প্রাচীর নামে ডাকছে এবং এ বিষয়ে ইরানের কিছুই করার নেই।"
ইরানের বর্তমান অবস্থার চিত্র তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "তাদের কোনো নৌবাহিনী নেই, তাদের কোনো বিমানবাহিনী নেই, তাদের বাকি থাকা সৈন্যরা বেতনহীন, আইআরজিসি ধ্বংস হয়ে গেছে এবং পালিয়ে যাচ্ছে, আর তাদের নেতৃত্ব অত্যন্ত অনিশ্চিত! তাদের কোনো টাকা নেই - তাদের দেশ শেষ। তাদের কাছে আছে কেবল ভুয়া খবর এবং ৩০০ শতাংশ মুদ্রাস্ফীতি, যা আরও খারাপের দিকে যাচ্ছে! ইরান শুধু মুখেই বড় বড় কথা বলে, কাজে কিছু নেই। মধ্যপ্রাচ্যের সেই সন্ত্রাসী/অত্যাচারীরা আর নেই। আল্লাহর অশেষ প্রশংসা!"
ইরানের কড়া প্রত্যাখ্যান ও প্রণালীতে চরম উত্তেজনা:
ট্রাম্পের এমন একতরফা দাবিকে শুরু থেকেই শক্তভাবে প্রত্যাখ্যান করে আসছে তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের মাত্রা বৃদ্ধি পাওয়ার পর থেকেই বিশ্ব বাণিজ্যের অন্যতম মূল এই নৌপথে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরিষ্কার জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌঅবরোধ পুরোপুরি প্রত্যাহার, বাজেয়াপ্ত সম্পদ ফেরত, সকল নিষেধাজ্ঞা বাতিল এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত এই প্রণালী দিয়ে কোনো সাধারণ জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। ইরানি সামরিক কর্তৃপক্ষের মতে, এই জলপথটি এখন আর সাধারণ নৌপথ নয়, বরং সরাসরি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।
বৈশ্বিক জ্বালানি বাজার ও ট্রাম্পের ‘দাবা কৌশল’:
হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরে অবরুদ্ধ ও ঝুঁকিপূর্ণ থাকায় বিশ্ববাজারে ইতোমধ্যে তেলের দামে প্রচণ্ড অস্থিরতা দেখা দিয়েছে। উদ্ভূত সংকট মার্কিন অভ্যন্তরীণ অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনের মুখে ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ বাড়াচ্ছে।
তবে এ জটিল পরিস্থিতি সত্ত্বেও বেশ আত্মবিশ্বাসী মনোভাব দেখাচ্ছেন ট্রাম্প। এক সাক্ষাৎকারে পুরো বিষয়টিকে ‘দাবা খেলা’র সাথে তুলনা করে তিনি জানান, ওয়াশিংটন অত্যন্ত কৌশলে সীমিত পরিসরে পদক্ষেপ নিচ্ছে। চরম অর্থসংকট ও তিন অঙ্কের মূল্যস্ফীতিতে জর্জরিত ইরানের চূড়ান্ত পরিণতি এখন ওয়াশিংটন পর্যবেক্ষণ করছে বলে তিনি দাবি করেন।
|