ব্রাহিম দিয়াজের গোলে রিয়ালের জয়, তবে সামাজিক মাধ্যমে শীর্ষে ৪০ কেজির ট্রফি!
ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়ন হওয়ার পর পরম আনন্দে মাথার ওপর শিরোপা উঁচিয়ে ধরে পুরো দলের উল্লাস করাটাই ফুটবল মাঠে চিরচেনা দৃশ্য। কিন্তু ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ফাইনাল জিতে গতকাল এক অদ্ভুত বিপাকেই পড়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
শিরোপা উঁচিয়ে ধরা তো বহু দূরের কথা, ট্রফিটি জয়ের মঞ্চে সরিয়ে নিতে গিয়ে রীতিমতো ঘাম ছুটে গেছে লস ব্ল্যাঙ্কোস তারকাদের। কারণ আর কিছুই নয়, এই প্রাক-মৌসুম ট্রফিটির ওজন ছিল অবিশ্বাস্য—পুরো ৪০ কেজি!
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ক্লিপে দেখা যায়, ট্রফিটি স্থানান্তর করার সময় রীতিমতো ক্লান্ত হয়ে পড়েন রিয়াল মাদ্রিদের অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে এবং ইউক্রেনীয় গোলরক্ষক আন্দ্রে লুনিন। মাত্র কয়েক গজ দূরে ট্রফিটি নিয়ে যাওয়ার পথেই তাদের কয়েকবার থেমে জিরিয়ে নিতে হয়। ভারী এই ধাতব ট্রফি সরাতে খেলোয়াড়দের এই করুণ অথচ মজার কসরত এখন ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক হাস্যরসের খোরাক জোগাচ্ছে।
স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব দেপোর্তিভো লা করুনাকে তাদেরই ঘরের মাঠ ‘এস্তাদিও অ্যাবানকা-রিয়াজোর’-এ ১-০ গোলে হারিয়ে এই ট্রফি উঁচিয়ে ধরে রিয়াল মাদ্রিদ। খেলার প্রথমার্ধের অতিরিক্ত সময় (৪৫+১ মিনিট) জয়সূচক একমাত্র গোলটি করেন মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ।
উল্লেখ্য, প্রতি বছর আগস্টে নতুন স্প্যানিশ ফুটবল মৌসুম শুরু হওয়ার ঠিক আগে আন্তর্জাতিক এই প্রীতি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। ১৯৪৬ সালে প্রথম শুরু হলেও ১৯৯০ সাল থেকে ধারাবাহিকভাবে দেপোর্তিভোর মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। লা করুনায় জন্মগ্রহণকারী বিখ্যাত স্প্যানিশ মানবহিতৈষী তেরেসা হেরেরার স্মরণে ও সম্মানে এই প্রাক-মৌসুম ট্রফিটির নামকরণ করা হয়।
ঐতিহাসিক ‘টাওয়ার অব হারকিউলিস’ লাইটহাউসের আদলে সোনা ও রূপার মিশ্রণে নির্মিত এই ৪০ কেজি ওজনের বিশাল ট্রফিটির ইতিহাস বেশ সমৃদ্ধ। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ২৬ বার শিরোপা জিতেছে আয়োজক ক্লাব দেপোর্তিভো লা করুনা। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের ঝুলিতে এটি তাদের ১০ম তেরেসা হেরেরা ট্রফি জয়।
|