আতলেতিকো মাদ্রিদ থেকে রোমায় যোগ দিলেন আর্জেন্টাইন তারকা
ক্রীড়া ডেস্ক: স্পেনিয়ান ফুটবলে চার মৌসুম কাটানোর পর আবারও ইতালিয়ান ‘সিরি আ’ ফুটবলে ফিরেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী রাইটব্যাক নাহুয়েল মলিনা। স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদ ছেড়ে চার বছরের দীর্ঘ মেয়াদী চুক্তিতে ইতালিয়ান পরাশক্তি এএস রোমায় যোগ দিয়েছেন ২৮ বছর বয়সী এই তারকা।
ইতোমধ্যেই এক যৌথ বিবৃতির মাধ্যমে উভয় ক্লাবের পক্ষ থেকেই দলবদলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
নতুন চুক্তির ধারা অনুযায়ী, আগামী ২০৩০ সালের গ্রীষ্ম পর্যন্ত রোমার জার্সিতে মাঠে নামবেন এই আর্জেন্টাইন রাইটব্যাক। মলিনাকে দলে ভেড়াতে রোমাকে প্রায় ১৭ থেকে ১৮ মিলিয়ন ইউরো গুণতে হচ্ছে। এর মধ্যে ১৩ মিলিয়ন ইউরো নিশ্চিত ট্রান্সফার ফি এবং বাকি ৪ থেকে ৫ মিলিয়ন ইউরো পারফরম্যান্স ও ম্যাচ ভিত্তিক শর্ত পূরণ সাপেক্ষে বোনাস হিসেবে আতলেতিকোকে প্রদান করা হবে।
ইতালিয়ান ক্লাবটিতে তিনি বছরে পাবেন মোট ২৭.৫ লাখ ইউরো নিশ্চিত বেতন, যার সাথে অতিরিক্ত বোনাস হিসেবে আরও ৭.৫ লাখ ইউরো আয়ের সুযোগ রাখা হয়েছে। রোমার হয়ে আগামী মৌসুমে ২০ নম্বর জার্সি পরিধান করে মাঠে নামবেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে ইতালীয় ক্লাবটি জানিয়েছে, "আর্জেন্টাইন আন্তর্জাতিক তারকা নাহুয়েল মলিনাকে আমাদের দলে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। রোমে স্বাগতম, নাহুয়েল!"
এর আগে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ ও ইতালির উদিনেসের হয়ে ইউরোপিয়ান ফুটবলের সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪৯টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মলিনার, যেখানে রক্ষণ সামলানোর পাশাপাশি তিনি ১৯টি গোলও করেছেন।
আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় দল আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত ৬৫টি ম্যাচ খেলা মলিনা অংশ নিয়েছেন দুটি ফুটবল বিশ্বকাপে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে আলবিসেলেস্তাদের ঐতিহাসিক ট্রফি জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া ২০২১ ও ২০২৪ সালের টানা দুটি কোপা আমেরিকা জয়েও অন্যতম মূল কাণ্ডারি ছিলেন এই ডিফেন্ডার।
|