মা হওয়ার সুখবর দিলেন অভিনেত্রী সামান্থা

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ণ
মা হওয়ার সুখবর দিলেন অভিনেত্রী সামান্থা
দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভক্তদের দারুণ এক সুখবর দিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। প্রথমবারের মতো মা হতে চলেছেন তিনি।

গত কয়েক মাস ধরেই বিনোদন পাড়ায় তার মা হতে যাওয়ার গুঞ্জন চড়া ছিল। তবে এতদিন এই বিষয়ে পুরোই নীরবতা বজায় রেখেছিলেন অভিনেত্রী। এবার নিজেই সেই মধুর খবরটি প্রকাশ্যে আনলেন। সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন চলচ্চিত্র ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে জীবনের এই নতুন অধ্যায়ের কথা ঘোষণা করেন সামান্থা। একই সঙ্গে তিনি জানান, হাতের কাজগুলো শেষ করেই কিছুদিনের জন্য রুপালি পর্দা থেকে দূরে থাকবেন।

অনুষ্ঠানে নিজের অনুভূতির কথা জানিয়ে সামান্থা একটি গণমাধ্যমকে বলেন, “মা ইন্তি বাঙ্গারাম ছবির পর আমাকে কিছুদিনের জন্য বিরতি নিতে হবে। মূলত আমার বর্তমান শারীরিক অবস্থার কারণেই এই সিদ্ধান্ত। আমি মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছি। তবে এটি কোনো বিদায় নয়। বিরতি কাটিয়ে নতুন কাজ নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসব।”

সামান্থার এই আনুষ্ঠানিক ঘোষণার পর মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। তার সহশিল্পী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা নতুন এই পথচলার জন্য তাকে অভিনন্দন জানাচ্ছেন।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বিভিন্ন অনুষ্ঠানে সামান্থার উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই দাবি করেছিলেন, তার ‘বেবি বাম্প’ স্পষ্ট। এ নিয়ে জল্পনা আরও উসকে দিয়েছিলেন পরিচালক বিভি নন্দিনী রেড্ডি। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, খুব দ্রুতই অভিনেত্রীর জীবনে নতুন কিছু ঘটতে যাচ্ছে। অবশেষে নিজের মুখেই সেই সত্য প্রকাশ করলেন সামান্থা। এটি হবে সামান্থা ও তার স্বামী নির্মাতা রাজ নিদিমোরুর প্রথম সন্তান।

ব্যক্তিগত জীবনের এই আনন্দের পাশাপাশি ক্যারিয়ারেও দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি এখন তিনি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন। এর মাঝেই ২০২৫ সালের ডিসেম্বরে রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা। এটি এই তারকা দম্পতির দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা, যার অবসান ঘটে ২০২১ সালের বিচ্ছেদের মাধ্যমে।

মন্তব্য করুন