দীর্ঘ বিরতি ভেঙে নিজের বায়োপিক দিয়ে ফিরতে চান চিত্রনায়িকা পপি

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ণ
দীর্ঘ বিরতি ভেঙে নিজের বায়োপিক দিয়ে ফিরতে চান চিত্রনায়িকা পপি
চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক: একসময় ঢাকাই চলচ্চিত্রের রূপালি পর্দা কাঁপানো জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই রূপালি জগতের আড়ালে রয়েছেন। ভক্তরা অধীর আগ্রহে তার পর্দায় ফেরার অপেক্ষা করলেও, সেই আশা আপাতত পূরণ হচ্ছে না। কারণ, নিয়মিত অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

তবে চলচ্চিত্রকে একবারে বিদায় জানাননি পপি। নিজের জীবনের ওপর ভিত্তি করে মানসম্মত ও গবেষণানির্ভর কোনো বায়োপিক নির্মিত হলে, সেখানে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

নিজের বর্তমান জীবন ও পরিকল্পনা নিয়ে পপি একটি গণমাধ্যমকে বলেন, “অভিনয়ে ফেরার জন্য বিভিন্ন সময় নানা প্রস্তাব পেলেও সেগুলো গ্রহণ করার ইচ্ছা আমার নেই। বর্তমানে স্বামী ও একমাত্র সন্তান আয়াতকে নিয়ে পারিবারিক জীবনেই সময় দিতে চাই। সুখী দাম্পত্য জীবনই এখন আমার প্রধান অগ্রাধিকার। তবে নিজের জীবন নিয়ে যদি নিখুঁত ও গবেষণানির্ভর কোনো বায়োপিক নির্মাণ করা হয়, তাহলে তাতে অভিনয় করতে আপত্তি নেই।”

বায়োপিকের শর্ত নিয়ে তিনি আরও একটি গণমাধ্যমকে জানান, তার শৈশব, বেড়ে ওঠা, পড়াশোনা, ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া, ব্যক্তিগত সংগ্রাম এবং চলচ্চিত্র জীবনের নানা অধ্যায় যদি যথাযথভাবে ফুটিয়ে তোলা হয়, তবেই তিনি কাজটি বিবেচনা করবেন। দেশে-বিদেশে থাকা অসংখ্য ভক্তের কথা মাথায় রেখে নিজের জীবনের ওপর নির্মিত বায়োপিকটি ব্যতিক্রমী হতে হবে বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে পরিবারকেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান দেওয়ায় নতুন কোনো সিনেমায় নিয়মিত কাজ করার চেয়ে ব্যক্তিগত জীবনকে সময় দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন এই তারকা।

উল্লেখ্য, ‘কুলি’ সিনেমার মাধ্যমে ঢালিউডের বড় পর্দায় অভিষেক হয়েছিল পপির। প্রথম ছবিতেই চিত্রনায়ক ওমর সানীর বিপরীতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমা উপহার দিয়ে নিজেকে ঢালিউডের শীর্ষ নায়িকাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দরদি সন্তান’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘মনের মিলন’, ‘কারাগার’, ‘লাল বাদশা’, ‘মেঘের কোলে রোদ’, ‘কী যাদু করিলা’ ও ‘বস্তির রানী সুরিয়া’।

অনবদ্য অভিনয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ ক্যারিয়ারে তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন পপি। তিনি ২০০৩ সালে ‘কারাগার’, এরপর ‘মেঘের কোলে রোদ’ এবং ‘গঙ্গাযাত্রা’ সিনেমার জন্য এই গৌরব অর্জন করেন। পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’। এরপর থেকেই তিনি চলচ্চিত্রের আলো-ঝলমলে জগত থেকে দূরে রয়েছেন।

মন্তব্য করুন