আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই: প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ণ
আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব, আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে এই বিষয়টি মাথায় রেখে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন।’

শনিবার (১৩ জুন) বেলা তিনটায় কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জনসাধারণের প্রতি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনি প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, ‘নির্বাচনের আগে আমরা দেশের মানুষের কাছে ওয়াদা করেছিলাম, আমরা যদি আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারি তাহলে দেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করব। আমাদের লক্ষ্য থাকবে বছরে অন্তত পাঁচ কোটি গাছ লাগানো এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করব আমরা।’ তিনি বলেন, আমরা যদি এই বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঠিকভাবে বুক ভরে পরিষ্কার শ্বাস নিতে পারবে। আসুন সকলে মিলে চেষ্টা করে বাংলাদেশের বাতাসকে একটি বিশুদ্ধ বাতাসে রূপান্তর করি।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকা সারাদেশের জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সকলের কাছে আমার নির্দেশনা থাকবে যে, আপনার নিজ নিজ জেলাকে সুন্দর সবুজ অভয়ারণ্য করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন।’ আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মুক্ত ও সুন্দর পরিবেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আনুষ্ঠানিকভাবে এই দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

মন্তব্য করুন