আনুশকাকে ‘অশিক্ষিত সেলেব’ বলে কটাক্ষ

প্রকাশ: শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ণ
আনুশকাকে ‘অশিক্ষিত সেলেব’ বলে কটাক্ষ
আনুশকা শর্মা। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক: যে কোনো বিষয়ে সবারই নিজ মত প্রকাশের স্বাধীনতা আছে বলে মনে করেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সে কারণে হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি নিজের অগাধ আস্থার কথা বলতে এতটুকু দ্বিধা করেননি তিনি। তবে তাঁর এই হোমিওপ্যাথিপ্রীতিই এবার তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র কটাক্ষ ও সমালোচনার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, সিনেমা দুনিয়ার লাইমলাইটের আড়ালে আনুশকার পারিবারিক জীবন এখন অনেকটাই থিতু হলেও, চিকিৎসাশাস্ত্রে দীর্ঘদিনের চলমান ‘হোমিওপ্যাথি বনাম অ্যালোপ্যাথি’ বিতর্কে তাঁর একটি সাম্প্রতিক পোস্ট নতুন করে ঘৃতাহূতি করেছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হোমিওপ্যাথি নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী, যেখানে বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক রঞ্জন শঙ্করনকে সংশ্লিষ্ট চিকিৎসাশাস্ত্রের নানা দিক নিয়ে আলোচনা করতে দেখা যায়। সেই পোস্ট শেয়ার করে আনুশকা জানান, তাঁর ব্যক্তিগত জীবনে হোমিওপ্যাথির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডা. রঞ্জন শঙ্করন সেই যাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। স্বাস্থ্য এবং সচেতন জীবনযাপন সম্পর্কে ওই চিকিৎসকের গভীর অন্তর্দৃষ্টিকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন বলেও উল্লেখ করেন। শেয়ার করা ভিডিওটিতে মূলত আধুনিক চিকিৎসা ব্যবস্থায় হোমিওপ্যাথির ভূমিকার ওপর আলোকপাত করে বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মধ্যে পারস্পরিক প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতার ওপর জোর দেওয়া হয়। ডা. শঙ্করন জানান, হোমিওপ্যাথি কোনো নির্দিষ্ট রোগের চিকিৎসা করে না, বরং এটি মানুষকে ভেতর থেকে নিরাময় করে। মাল্টিপল স্কলেরোসিস, অ্যালার্জি বা একজিমার মতো রোগের আধুনিক চিকিৎসায় দীর্ঘমেয়াদি সমাধান না থাকায় অনেক সময় রোগীকে হোমিওপ্যাথি নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং বর্তমান যুগটি মূলত ‘সমন্বিত চিকিৎসা ব্যবস্থা’র যুগ।

আনুশকার পোস্ট করা এমন ভিডিও দেখেই সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন ভারতের বিখ্যাত যকৃৎ-রোগ বিশেষজ্ঞ সিরিয়াক অ্যাবি ফিলিপস, যিনি ‘দ্য লিভার ডক’ নামে পরিচিত। ভিডিওটি দেখে তিনি আনুশকা শর্মা এবং চিকিৎসক রঞ্জন শঙ্করন—উভয়কেই তীব্র আক্রমণ করেন। ডা. ফিলিপস মন্তব্য করেন, "এ তো সাপ্লিমেন্ট বিক্রেতা, হাতুড়ে ডাক্তার!" এর পাশাপাশি তিনি আনুশকাকে ‘অশিক্ষিত সেলেব’ বলেও কটাক্ষ করতে ছাড়েননি। তাঁর দাবি, হোমিওপ্যাথি হলো কেবল জল, অ্যালকোহল এবং চিনি দিয়ে তৈরি এক ধরনের ‘ওষুধ’। মানুষ মূলত এমন সব শৌখিন চিনির বড়ির জন্য চড়া দাম গুনছেন, যার মধ্যে আসলে বিন্দুমাত্র ঔষধি গুণ নেই। উল্লেখ্য, দীর্ঘ আট বছর ধরে বলিউডের পর্দা থেকে দূরে থাকা এই নায়িকার একমাত্র ধ্যানজ্ঞান এখন অধ্যাত্মচর্চা এবং মাঝেমধ্যেই স্বামী বিরাট কোহলিকে নিয়ে তাঁকে বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজের দরবারে ছুটে যেতে দেখা যায়।

মন্তব্য করুন