‘বিচ্ছেদ বেদনা’র মাধ্যমে পরিচালনায় ফিরলেন মৌসুমী
বিনোদন প্রতিবেদক: দীর্ঘ এক দশক পর আবারও চলচ্চিত্র পরিচালনায় ফিরলেন ঢালিউডের নন্দিত অভিনেত্রী মৌসুমী। তাঁর পরিচালিত নতুন সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’ সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অনাপত্তি সনদ লাভ করেছে। জানা গেছে, সম্পূর্ণ মনস্তাত্ত্বিক গল্পনির্ভর এই সিনেমাটি করোনাকালীন সময়ে নির্মাণ করেন মৌসুমী। এই চলচ্চিত্রে তাঁর সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন দুই জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ ও আবদুন নূর সজল। ‘প্রিয়জন কথাচিত্র’-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিনিয়র সাংবাদিক আবদুর রহমান এবং বর্তমানে তিনি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জোর প্রস্তুতি নিচ্ছেন।
চিত্রনায়িকা মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এই সিনেমা প্রসঙ্গে তাঁর স্বামী জনপ্রিয় অভিনেতা ওমর সানী বলেন, "ছবিটির কাজ বেশ কয়েক বছর আগেই শুরু হয়েছিল। প্রযোজক আবদুর রহমানের নাম দেখেই বিষয়টি মনে পড়ে। মৌসুমীর সঙ্গে কথা বলে জেনেছি, তখন ছবির অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছিল। পরবর্তী সময়ে বাকি অংশের কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। এটি মৌসুমীর পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী সিনেমা।"
উল্লেখ্য, সবশেষ ২০১৬ সালে মৌসুমীর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘শূন্য হৃদয়’ চলচ্চিত্রটি। এরপর দীর্ঘ বিরতি কাটিয়ে ‘বিচ্ছেদ বেদনা’র মাধ্যমে আবারও রূপালি পর্দায় নির্মাতা হিসেবে কামব্যাক করলেন তিনি। অভিনয় ও পরিচালনার পাশাপাশি মৌসুমী চলচ্চিত্র প্রযোজনাতেও যুক্ত রয়েছেন। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গরিবের রানী’ সিনেমার মাধ্যমে প্রথম প্রযোজকের খাতায় নাম লেখান এই গুণী অভিনেত্রী। আর সবশেষ তিনি ‘আবার আমি এতিম হতে চাই’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেন।
|