জামালপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

প্রকাশ: শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ণ
জামালপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সীমান্তবর্তী এলাকায় পৃথক তিন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে ১৯১ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার (৬ জুন) দুপুরে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ইজলামারী, বড়াইবাড়ী ও সাহেবের আলগা সীমান্ত চৌকির (বিওপি) সদস্যরা নিজ নিজ এলাকার সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ইজলামারী বিওপির একটি টহল দল সীমান্তের ১০৬৬ নম্বর পিলারের নিকটবর্তী বন্ধুরচর এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। একই রাতে বড়াইবাড়ী বিওপির সদস্যরা সীমান্তবর্তী চুলিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে আরও ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

এদিকে আজ শনিবার সকালে সাহেবের আলগা বিওপির সদস্যরা সীমান্তবর্তী ইটালুকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদের শাখা অববাহিকায় অভিযান চালান। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা ও চোরাচালানে ব্যবহৃত একটি নৌকা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া মদের ঘটনায় কুড়িগ্রামের রৌমারী থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জব্দকৃত মদগুলো পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ধ্বংসের জন্য ৩৫ বিজিবি ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে। অন্যদিকে উদ্ধার হওয়া ভারতীয় জিরা ও নৌকা রৌমারী শুল্ক (কাস্টমস) কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, "সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন