কাল ঢাকায় বিক্ষোভ করবে বাংলাদেশ খেলাফত মজলিস
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সীমান্তে পুশইনের প্রতিবাদে আগামীকাল রোববার (৭ জুন) রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ খেলাফত মজলিস। ওই দিন বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে।
শনিবার (৬ জুন) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। এর আগে গতকাল শুক্রবার রাতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকার নির্বাহী সদস্যদের এক জরুরি পরামর্শসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় নেতারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, "বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। একদিকে বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির মাধ্যমে জনগণকে সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়িয়ে দেওয়া হচ্ছে। এ ধরনের সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী এবং জনগণের সঙ্গে এক ধরণের প্রতারণার শামিল।"
সীমান্ত পরিস্থিতির সমালোচনা করে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পুশইন ও হয়রানির ঘটনা দেশের সার্বভৌমত্ব ও নাগরিক মর্যাদার জন্য অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে সরকারকে অবিলম্বে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে সীমান্তে দেশের নাগরিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। তিনি দ্রুত জ্বালানি ও বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়ে আগামীকালের বিক্ষোভ কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
পরামর্শসভায় সদ্য সমাপ্ত ঈদযাত্রায় সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে জাতীয় উৎসবগুলোতে অব্যবস্থাপনার কারণে কোনো পরিবার যেন দুর্ঘটনা ও ভোগান্তির শিকার না হয়, সে লক্ষ্যে সরকারকে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান দলীয় নেতৃবৃন্দ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন, মাওলানা তাফাজ্জল হুসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুরশেদুল আলম সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, সহ-সভাপতি মাওলানা আতিকুল্লাহ, যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, যুবনেতা আল আবিদ শাকের এবং খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এআইএল/সকালবেলা
|