হান্নান মাসউদের বিরুদ্ধে ‘কোটি টাকা ডিলের’ অভিযোগ: ছাত্রদল নেতার বাড়িতে হামলা

প্রকাশ: শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ণ
হান্নান মাসউদের বিরুদ্ধে ‘কোটি টাকা ডিলের’ অভিযোগ:  ছাত্রদল নেতার বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে ‘তিন কোটি টাকার ডিল’ করার তথ্য ফাঁস করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদল নেতা আব্দুল গাফফারের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড় দেইল গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী গাফফার জুলাই গণঅভ্যুত্থানের সময় হান্নান মাসউদের ঘনিষ্ঠ সহচর ছিলেন। ঘটনার পরপরই হাতিয়া উপজেলা ছাত্রদল স্থানীয় সাগরিয়া বাজারে এ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।

ভুক্তভোগী ছাত্রদল নেতা আব্দুল গাফফার অভিযোগ করে বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের সময় হান্নান, রিফাত ও মাহিম সেফ হোমে থাকাকালীন আমিই হান্নান মাসউদকে দেখভাল করেছি। ৫ আগস্টের পর দেড় মাস তার রাজনৈতিক অভিভাবক হিসেবে সঙ্গে ছিলাম। সেই সুবাদে তিনি ৫ আগস্টের পর নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে বিমানবন্দর পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেন এবং এর বিনিময়ে ৩ কোটি টাকা দাবি করেন। আমি তখন এতে বাধা দিয়েছিলাম।"

তিনি আরও জানান, এই তথ্যটি তিনি গত বুধবার (৩ জুন) বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁনকে জানান। পরে রাশেদ খাঁন এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলে গাফফার সেটি নিজের আইডিতে শেয়ার করেন। এর পর থেকেই হান্নান মাসউদের অনুসারীরা তাকে হুমকি দিতে থাকে এবং এরই জেরে তার বাড়িতে হামলা চালিয়ে জানালার কাচ ও প্রধান ফটক ভাঙচুর করা হয়। বাড়িতে থাকা তার বৃদ্ধ বাবা-মা এই ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন।

হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন, আওয়ামী লীগ নেতাকে পার করে দিতে ৩ কোটি টাকা দাবির বক্তব্য দেওয়ায় গত দুদিন ধরে ছাত্রদল নেতা গাফফারকে প্রকাশ্যে হুমকি-ধমকি দিচ্ছিল হান্নান মাসউদের অনুসারী এনসিপি নেতাকর্মীরা। তারাই এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক সামছুল তিবরিজ দাবি করেন, নিজেরা ভাইরাল হওয়ার জন্য এই সাজানো নাটক করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, "আমার নিজের বাড়িতেই হামলা হয়, আমি সেগুলো সামাল দিতে পারি না, আমি আরেকজনের বাড়িতে হামলা করব কীভাবে? আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এটি পুরোপুরি একটি সাজানো নাটক।" হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানিয়েছেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন