অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনিদের ওপর চলমান নির্মমতার প্রতিবাদে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন পোলিশ ফুটবল ক্লাব ‘পোগন স্জেকিন’ (Pogoń Szczecin)-এর মালিক এবং বিশিষ্ট ব্যবসায়ী অ্যালেক্স হাদিতাগি। ইসরায়েলি ক্লাব ‘ম্যাকাবি তেল আবিব’-এর সাথে যেকোনো ধরনের খেলোয়াড় চুক্তি বা বাণিজ্যিক আলোচনা সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি। বর্তমান পরিস্থিতিকে নাৎসি জার্মানির অন্ধকার অধ্যায়ের সাথে তুলনা করে তিনি স্পষ্ট জানিয়েছেন, চলমান সংকটের মুখে ফুটবলের ব্যবসাকে নৈতিকতার বাইরে রাখা সম্ভব নয়।
পোলিশ ক্রীড়া সংবাদমাধ্যম 'মেকজিকি' (Meczyki)-এর বরাত দিয়ে জানা গেছে, পোগন স্জেকিন ক্লাবের দুজন খেলোয়াড়কে দলে ভেড়ানোর বিষয়ে আলোচনার জন্য যোগাযোগ করেছিল ইসরায়েলের ক্লাব ম্যাকাবি তেল আবিব। কিন্তু ক্লাবের মালিক অ্যালেক্স হাদিতাগি মানবিক ও নৈতিক কারণে সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে নিজের এই শক্ত অবস্থানের কথা জানান হাদিতাগি। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে "গণহত্যামূলক" এবং "অমানবিক" আখ্যা দিয়ে তিনি বলেন, বাণিজ্যিক স্বার্থের চেয়ে মানবিক মূল্যবোধের স্থান সব সময় ওপরে।
হাদিতাগি লিখেছেন, "আমি যদি ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় নাৎসি জার্মানির সময় বেঁচে থাকতাম, তবে লক্ষ লক্ষ নিরীহ মানুষের গণহত্যাকারী সেই জান্তা সরকারের প্রতিনিধিত্বকারী কোনো স্পোর্টস ক্লাবের সাথে ব্যবসা করতাম না। আজকেও আমাকে ঠিক একই নৈতিক মানদণ্ড বজায় রাখতে হবে।"
উল্লেখ্য, ইসরায়েলি ক্লাব ম্যাকাবি তেল আবিব-এর চরমপন্থী সমর্থক গোষ্ঠীর বর্ণবাদী এবং আরব-বিরোধী স্লোগানের দীর্ঘ কুখ্যাত রেকর্ড রয়েছে। বিভিন্ন ম্যাচে তাদের গ্যালারি থেকে "আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) জয়ী হোক, আরবদের ধ্বংস হোক", "আরবদের মৃত্যু হোক" কিংবা গাজার শিশুদের ইঙ্গিত করে "গাজায় কোনো স্কুল নেই, কারণ সেখানে কোনো শিশুই বেঁচে নেই"—এমন চরম উগ্র ও অমানবিক স্লোগান দেওয়ার প্রমাণ রয়েছে।
বিশ্ব ফুটবলে যখন প্রতিনিয়ত খেলাধুলার সাথে রাজনীতিকে আলাদা রাখার কথা বলা হয়, তখন পোলিশ ক্লাব মালিকের এমন সাহসী ও নীতিগত অবস্থান আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এআইএল/সকালবেলা