দিঘীনালায় সাপের কামড়ে শিশু আহত

প্রকাশ: শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ণ
দিঘীনালায় সাপের কামড়ে শিশু আহত

রুপম চাকমা, দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বাঘাইছড়ি এলাকায় বিষাক্ত সাপের কামড়ে এক শিশু গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েছে। 

আজ শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাপের কামড়ের পর শিশুটি দ্রুত অসুস্থ হয়ে পড়ে এবং একপর্যায়ে অচেতন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে অভিযোগ উঠেছে, শিশুটিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে বা চিকিৎসকের কাছে না নিয়ে প্রথমে স্থানীয় এক বৈদ্য বা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, সাপের কামড়ের মতো জরুরি পরিস্থিতিতে আধুনিক চিকিৎসার পরিবর্তে বৈদ্য বা কবিরাজি চিকিৎসার ওপর নির্ভর করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর ফলে মূল্যবান সময় নষ্ট হয় এবং রোগীর জীবন আরও ঝুঁকির মুখে পড়ে, যা সচেতনতার চরম ঘাটতি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতন মহল উল্লেখ করেছেন, পাহাড়ি অঞ্চলের অনেক স্থানে এখনো সাপে কামড়সহ বিভিন্ন দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে না নিয়ে লোকজ চিকিৎসার আশ্রয় নেওয়া হয়। উল্লেখ্য, গত বছর রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাপে কামড়ানো এক যুবককে যথাসময়ে হাসপাতালে না নেওয়ার কারণে তার মৃত্যু হয়েছিল।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পাহাড়ি জনপদে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং সাপের কামড়ের ক্ষেত্রে প্রাথমিক করণীয় সম্পর্কে জনগণকে অবহিত করার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির বর্তমান শারীরিক অবস্থার কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন