যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানের ফুটবলারদের ভিসা দিল যুক্তরাষ্ট্র

প্রকাশ: শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানের ফুটবলারদের ভিসা দিল যুক্তরাষ্ট্র
ইরান ফুটবল দল। ইনস্টাগ্রাম/টিম মেলি

স্পোর্টস ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বিশ্বকাপে অংশ নিতে ইরান ফুটবল দলকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। পরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তাও আলাদা এক বিবৃতিতে ইরান দলের ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এখনো পুরোপুরি না থামলেও বর্তমানে একটি নড়বড়ে যুদ্ধবিরতি চলছে। এর মধ্যেই খেলোয়াড়েরা মার্কিন ভিসা পাওয়ায় আসন্ন বিশ্বকাপে ইরানের অংশ নেওয়া নিয়ে তৈরি হওয়া সব শঙ্কা কেটে গেল। ইরানের ফুটবলারদের ভিসা পাওয়ার খবরের প্রতিক্রিয়ায় মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক বলেন, ‘যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরান জাতীয় ফুটবল দলের ভিসাপ্রক্রিয়ার কাজটি চমৎকারভাবে সম্পন্ন করায় আঙ্কারায় মার্কিন দূতাবাসের পুরো টিমকে নিয়ে আমি গর্বিত। খেলাধুলা সব সীমানা ছাড়িয়ে যায়। আমরা বিশ্বজুড়ে সব প্রতিযোগী ও সমর্থকদের স্বাগত জানাতে মুখিয়ে আছি।’

তবে নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা ইরান ফুটবল দলের ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি একটি কঠোর সতর্কবার্তাও দিয়েছেন। তিনি বলেন, ‘ইরান দল যাতে এ ব্যবস্থার অপব্যবহার করে ছদ্মবেশে যুক্তরাষ্ট্রে কোনো সন্ত্রাসী পাঠাতে না পারে, সে ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর নজরদারি রাখব।’

জানা গেছে, ইরান ফুটবল দল আজ শনিবার তুরস্ক থেকে স্পেনের উদ্দেশে রওনা দেবে। সেখান থেকে আগামীকাল রোববার তারা মেক্সিকোতে অবস্থিত নিজেদের বেজক্যাম্পে পৌঁছাবে। এবার উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ইরানের মূল বেজক্যাম্প মেক্সিকোতে হলেও গ্রুপ পর্বের তিনটি ম্যাচই তারা খেলবে যুক্তরাষ্ট্রের মাটিতে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তৈরি হওয়া চরম উত্তেজনার কারণেই তারা শুরুতে নির্ধারিত থাকা বেজক্যাম্পটি যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেয়।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই ফুটবল মহাযজ্ঞের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে ‘জি’ গ্রুপ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। এরপর গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে লস অ্যাঞ্জেলেসে বেলজিয়াম এবং সিয়াটলে মিসরের মুখোমুখি হবে তারা।

মন্তব্য করুন