হিলি সীমান্তে ৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি
অনলাইন ডেস্ক: দিনাজপুরের হিলির ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে পাঁচজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের (ঠেলে পাঠানোর) চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর তৎপরতায় ব্যর্থ হয়েছে। আজ শনিবার (৬ জুন) ভোরের দিকে ঘাসুড়িয়া সীমান্তে পাঁচজন ভারতীয় নাগরিককে পুশ-ইন করানোর বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক শক্তিশালী অবস্থান নেয় বিজিবি। বিজিবির এমন শক্ত অবস্থানের মুখে পুশ-ইনের সেই চেষ্টা সম্পূর্ণ পণ্ড হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী। তিনি জানান, ভারত থেকে অবৈধপথে কোনো মানুষ যেন হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেই সুনির্দিষ্ট লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে টহল বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, অরক্ষিত সীমান্ত এলাকাগুলোতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিজিবি সর্বোচ্চ নজরদারি বজায় রাখছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন এবং এখন পর্যন্ত হিলি সীমান্তের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
|