সোয়া কোটি টাকা আত্মসাৎ: তোফায়েল আহমেদের বিরুদ্ধে বিচার শুরু

রাকিবুল হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ণ
সোয়া কোটি টাকা আত্মসাৎ: তোফায়েল আহমেদের বিরুদ্ধে বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক: দুই যুগ আগের ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক বাণিজ্য ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ এই আদেশ প্রদান করেন।

মামলার অন্য দুই আসামি হলেন— মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও মোশাররফ হোসেন। তোফায়েল আহমেদ ও আনোয়ারুল ইসলাম পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখা হয়েছে এবং অপর আসামি মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

শুনানি চলাকালীন তোফায়েল আহমেদের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার আদালতে দাবি করেন, তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন এবং তিনি স্মৃতিশক্তি হারিয়েছেন। আবেদনে বলা হয়, তিনি বর্তমানে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) চিকিৎসাধীন এবং কাউকে চিনতে পারছেন না। তবে দুদকের কৌঁসুলি ইশতিয়াক আহমেদ জানান, মামলাটি অনেক পুরোনো হওয়ায় আইনি প্রক্রিয়া অনুযায়ী বিচার কার্যক্রম এগিয়ে নিতে আদালত নির্দেশ দিয়েছেন।

২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম এই মামলাটি দায়ের করেন। এজাহারে অভিযোগ করা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে স্থানান্তর ও উত্তোলন করেন। সোনালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে এই অর্থ লেনদেন করা হয়েছিল।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে উচ্চ আদালতের নির্দেশে এই মামলার কার্যক্রম দীর্ঘ সময় স্থগিত ছিল। সম্প্রতি দেশে রাজনৈতিক পরিবর্তনের পর উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হলে মামলার বিচার কার্যক্রম আবার প্রাণ ফিরে পায়। আদালত আগামী ২২ জুন মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

মন্তব্য করুন