মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১৮০ বোতল স্ক্যাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার (৭ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব-১২’র কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ জানান, বুধবার (৬ মে) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল বাজার এলাকায় একটি হার্ডওয়্যার দোকানের সামনে এই অভিযান চালানো হয়। অভিযানে ১৮০ বোতল নিষিদ্ধ স্ক্যাফ সিরাপ উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মো. শহীদুল ইসলাম (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রাজনগর হাঙ্গামী এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা