ইসলামে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ণ
ইসলামে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য

মানবজীবনের সবচেয়ে পবিত্র ও নিঃস্বার্থ সম্পর্ক হলো মা-বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক। মা নিজের আরাম বিসর্জন দিয়ে সন্তানকে গর্ভে ধারণ করেন এবং বাবা কঠোর সংগ্রাম করে সন্তানের ভবিষ্যৎ গড়েন। তাই ইসলাম মা-বাবার মর্যাদাকে সর্বোচ্চ স্থান দিয়েছে। মহান আল্লাহ তাঁর ইবাদতের পরপরই মা-বাবার সঙ্গে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন (সুরা নিসা: ৩৬)। বর্তমান সময়ে যখন অনেকেই মা-বাবার অধিকার ভুলে যাচ্ছে, তখন ইসলামের দৃষ্টিতে সন্তানের দায়িত্বগুলো জানা অত্যন্ত জরুরি।মা-বাবার সঙ্গে সবসময় সম্মান দিয়ে এবং নরম স্বরে কথা বলতে হবে। আল্লাহ আদেশ করেছেন তাদের প্রতি 'উহ' শব্দটিও না বলতে এবং ধমক না দিতে (সুরা বনি ইসরাঈল: ২৩)।মা-বাবা সন্তানের জন্য সবসময় চিন্তিত থাকেন। তাই কোথাও যাওয়ার আগে তাদের জানিয়ে এবং অনুমতি নিয়ে যাওয়া সন্তানের কর্তব্য। এমনকি জিহাদে যাওয়ার চেয়েও মা-বাবার খেদমতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।তাদের সঙ্গে কখনো রাগান্বিত হয়ে কথা বলা যাবে না। মা-বাবার দোয়া বা বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়, তাই তাদের মনে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।মা-বাবার মৃত্যুর পরও তাদের বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখা সর্বোত্তম সদ্ব্যবহারের অন্তর্ভুক্ত।মা-বাবা মারা গেলেও তাদের প্রতি দায়িত্ব শেষ হয় না। তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে দোয়া করতে হবে: ‘হে আমার রব! তুমি তাদের প্রতি দয়া করো যেমন তারা আমাকে ছোটকালে দয়াবশে প্রতিপালন করেছিলেন’ (সুরা বনি ইসরাঈল: ২৪)।মা-বাবার মাগফিরাতের জন্য তাদের পক্ষ থেকে দান-সদকা করা উচিত। এর সওয়াব তারা কবরে পাবেন।রাসুলুল্লাহ (সা.) নিজ মায়ের কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয় এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়।এমন কোনো কাজ করা যাবে না যার কারণে অন্যরা নিজের মা-বাবাকে গালি দেয়। অন্যের মা-বাবাকে গালি দেওয়ার অর্থ হলো নিজের মা-বাবাকেই গালি দেওয়া।মা-বাবার সেবা করা কেবল সামাজিক দায়িত্ব নয়, বরং এটি মহান ইবাদত। মা-বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি নিহিত। তাই তাদের জীবদ্দশায় সর্বোচ্চ সেবা এবং মৃত্যুর পর তাদের জন্য দোয়া ও নেক আমলের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা প্রত্যেক মুমিন সন্তানের অপরিহার্য কর্তব্য।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন