রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৭ জুন নির্ধারণ করা হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন। শুনানিতে প্রসিকিউটর শাইখ মাহদী অভিযোগ গঠন শুনানির জন্য আরও এক মাস সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত ৬ এপ্রিল এই শুনানি হওয়ার কথা থাকলেও আবেদনের প্রেক্ষিতে তা পিছিয়ে দেওয়া হয়েছিল।
কারাগারে রয়েছেন: সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।
পলাতক আসামি: শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, কৃষ্ণ পদ রায় ও আব্দুল বাতেন।
স্টেট ডিফেন্স: পলাতক ছয় আসামির পক্ষে আইনি লড়াইয়ের জন্য গত ৮ মার্চ স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করা হয়।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে কল্যাণপুরের জাহাজবাড়িতে ‘অপারেশন স্ট্রম-২৬’ নামে একটি অভিযান চালায় পুলিশ। অভিযোগ রয়েছে, সেখানে তথাকথিত জঙ্গি আস্তানা সাজিয়ে ৯ জন তরুণকে গুলি করে হত্যা করা হয়, যা বর্তমানে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচারিক প্রক্রিয়ায় রয়েছে।
এদিকে, ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা অন্য একটি মামলায় রাজসাক্ষী হতে চেয়েছেন সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। তবে ট্রাইব্যুনাল আজ তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এছাড়া সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আগামী ১৪ মে ধার্য করা হয়েছে।
জান্নাত/সকালবেলা