সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী ফের গ্রেফতার

রাকিবুল হাসান
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ণ
সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী ফের গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে নতুন করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ মে ২০২৬) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। বুবলী আগে থেকেই অন্য একটি মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে জেলহাজতে রয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৭ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে তেজগাঁও থানাধীন বিজয় সরণি এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা একটি রাষ্ট্রবিরোধী মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করে উসকানিমূলক স্লোগান দেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটান। পুলিশ ঘটনাস্থল থেকে মিরাজুল ইসলাম ওরফে মিঠু নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করে, যার কাছ থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যাগ এবং ককটেলের আলামত উদ্ধার করা হয়। এই ঘটনায় তেজগাঁও থানার উপপরিদর্শক নিয়াজ উদ্দিন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করেন।

তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম আদালতে আবেদন করেন যে, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও স্থানীয় তদন্তে নিশ্চিত হওয়া গেছে—সাবেক এমপি বুবলী ওই মিছিলের প্রধান অর্থ জোগানদাতা ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, বুবলী এই ঘটনার সঙ্গে গভীরভাবে সংশ্লিষ্ট এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

অন্যদিকে বুবলীর আইনজীবী তাহমিনা তাহেরীণ মুমু জামিনের আবেদন করে বলেন, "অর্থ জোগান দেওয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। এর কোনো স্লিপ বা প্রমাণ নেই। নরসিংদী থেকে তিনি কীভাবে ঢাকার একটি মিছিলে টাকা দেবেন? এছাড়া বাসায় তাঁর দুটি ছোট সন্তান রয়েছে।"

মন্তব্য করুন