নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ সদস্যদের পোশাকে আবারও বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের পরিচিত ধাঁচের পোশাকেই ফিরে যাচ্ছে এই বাহিনী, তবে প্যান্টের রঙে কিছুটা ভিন্নতা থাকবে। সোমবার (৪ মে ২০২৬) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান ইউনিফর্ম নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে নানা আপত্তি ছিল। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতেই এই সংস্কার করা হচ্ছে।
গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের সংস্কার নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে বর্তমান 'ক্যামোফ্লেজ' বা জলপাই রঙের মিশ্রণযুক্ত পোশাকের চেয়ে পুরোনো জলপাই ও খাকি রঙের মিশ্রণকে পুলিশ সদস্যরা অধিক কার্যকর ও মর্যাদাপূর্ণ মনে করছেন বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে পোশাক পরিবর্তনের পাশাপাশি দেশের সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। গত ৫ আগস্টের পর অনেক শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে বেরিয়ে আসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "শীর্ষ সন্ত্রাসীদের বেরিয়ে আসার বিষয়টি আমাদের নজরে আছে। তবে তারা জামিনে মুক্তি পেয়েছেন, যা সম্পূর্ণ আদালতের বিষয়। তারা কীভাবে এবং কোন প্রক্রিয়ায় মুক্তি পেয়েছেন, সেটি আদালত ভালো জানেন।"
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মুক্তিপ্রাপ্ত সন্ত্রাসীদের কর্মকাণ্ডের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।