নাহিদের গতির মুখে পড়তে চাইবে না বাবর

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ণ
নাহিদের গতির মুখে পড়তে চাইবে না বাবর

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে শিরোপা জয়ের নায়ক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যারন হার্ডি এখন প্রশংসায় ভাসছেন। তবে নিজে দুর্দান্ত পারফর্ম করলেও হার্ডির কণ্ঠে ঝরছে বাংলাদেশি তরুণ পেসার নাহিদ রানার স্তুতি। হার্ডির মতে, নাহিদের যে গতি, তার সামনে দাঁড়ানো বাবর আজমের জন্যও কঠিন হবে।

পিএসএল ফাইনালে করাচির মাঠে নাহিদ রানা ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নেন। তাঁর গতির ঝড়ে কুপোকাত হয়েছেন ব্যাটাররা। নাহিদকে নিয়ে হার্ডি বলেন, “সে মাত্র তিন দিন আগে বিমান থেকে নামল এবং আজ ১৫১ কিলোমিটার গতিতে বল করল। করাচির উইকেটে সে যেভাবে ছুটছিল, তা ব্যাটারদের জন্য ছিল ভয়ঙ্কর।”

পিএসএলে বাবর আজম ও নাহিদ রানা একই দলে (পেশোয়ার জালমি) খেললেও আগামী ৮ মে থেকে তারা একে-অপরের মুখোমুখি হবেন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই টেস্টের সিরিজ শুরু হচ্ছে সেদিন। এই লড়াই প্রসঙ্গে হার্ডি বলেন, “আমি জানি সপ্তাহ খানেকের মধ্যে নাহিদের টেস্ট ম্যাচ আছে। এটাও জানি বাবর তার গতির মুখোমুখি হওয়ার জন্য মোটেও মুখিয়ে নেই। সেখানে এক দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে।”

২৭ বছর বয়সী হার্ডি বিশ্বাস করেন, নাহিদ রানা বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়াবেন। তিনি বলেন, “আমি দেখতে পাচ্ছি সে সারা বিশ্বে ঘুরে বেড়াবে এবং সব বড় ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় খেলবে। তার মতো প্রতিভাকে সবাই সাদরে গ্রহণ করবে। তাকে নিয়ে আমি খুবই রোমাঞ্চিত।”

উল্লেখ্য, পিএসএল ফাইনালে ৫৬ রান ও ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অ্যারন হার্ডি। অন্যদিকে, নিয়ন্ত্রিত ও গতিময় বোলিং দিয়ে জালমির শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের নাহিদ রানা।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন