বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি একটি আন্তর্জাতিক মানের ফ্লাইং একাডেমি করার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ সোমবার (৪ মে ২০২৬) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, আগামী ৭ মে তাঁরা বগুড়ায় একাডেমির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরিদর্শনে যাবেন। তিনি বলেন, “পাইলট তৈরিতে অনেক খরচ হয়। আমরা চাই সাধারণ ঘরের সন্তানরাও যেন এভিয়েশন সেক্টরে আসতে পারে। তারা শুধু দেশে নয়, বিদেশেও চাকরি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে। একারণেই বগুড়া ও নীলফামারীতে একাডেমি করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছি।”
বিমানের সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে ১৪টি বোয়িং বিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া আরও কিছু বিমান লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিমান বহরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, বগুড়া, ঠাকুরগাঁও, নীলফামারী ও সৈয়দপুর বিমানবন্দরকে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করে অভ্যন্তরীণ রুট হিসেবে চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া:
কক্সবাজার: আগামী ৩-৪ মাসের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে এর কার্যক্রম শুরু হতে পারে।
থার্ড টার্মিনাল: আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধনের আশা ব্যক্ত করেন তিনি।
পর্যটন: প্রতিটি জেলার পর্যটন কেন্দ্রগুলোকে উন্নত করতে পিপিপি (PPP) মডেল বা বিদেশি বিনিয়োগ কাজে লাগাতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। মনপুরাকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতেও মন্ত্রণালয় কাজ করবে বলে তিনি জানান।
জান্নাত/সকালবেলা