নিজস্ব প্রতিবেদক: দেশের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় ও মানসম্মত করে বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে তুলে ধরতে জেলা প্রশাসকদের (ডিসি) সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। সোমবার (৪ মে ২০২৬) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী আফরোজা খানম বলেন, "পর্যটন শিল্পকে বিশ্বের কাছে তুলে ধরার বড় দায়িত্ব ডিসিদের। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সেখানে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।" এছাড়া দেশের বিভিন্ন পর্যটন স্থাপনা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
মন্ত্রী জানান, বগুড়া বিমানবন্দরে একটি এভিয়েশন একাডেমি স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া সৈয়দপুর বিমানবন্দরকে আরও উন্নত করা হবে। পর্যটন স্পট হিসেবে ভোলার 'মনপুরা'র ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে ডিসিরা বৈঠকে উল্লেখ করেছেন, যা সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।
এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, "গণতান্ত্রিক সরকার যেভাবে দেশ গড়তে চায়, সেই লক্ষ্যেই ডিসিদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পর্যটন ও বিমান খাতের আধুনিকায়নের মাধ্যমে আমরা দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চাই।"