বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ছাব্বির হোসেন (১৯) হত্যা মামলায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৯ নম্বর গুনাইঘর (উ.) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুকুল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৪ মে ২০২৬) সকাল ১০টায় গুনাইঘর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়।
দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুকুল হোসেনকে আটক করা হয়েছে। তিনি ছাব্বির হত্যা, রুবেল হত্যা এবং আবুবকর হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
আটক মুকুল উপজেলার গুনাইঘর গ্রামের মৃত ইসমাইল হোসেন সরকারের ছেলে। তিনি ৯ নম্বর গুনাইঘর (উ.) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া তিনি দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট সকালে দেবীদ্বার নিউ মার্কেট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় ছাব্বির হোসেন মাথায় গুলিবিদ্ধ হন। ৩৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে দেবীদ্বারে নানার বাড়িতে মারা যান তিনি। নিহত ছাব্বির মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। তিনি নবম শ্রেণির ছাত্র ছিলেন এবং সংসারের খরচ জোগাতে সিএনজি অটোরিকশা চালাতেন।
গত ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ছাব্বিরের মামা নাজমুল হক ৯৯ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার মুকুলকে আদালতে পাঠানো হবে।
জান্নাত/সকালবেলা