থালাপতি বিজয়ের চমক, কেরালায় ধসে পড়ছে বাম দুর্গ

রাকিবুল হাসান
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
থালাপতি বিজয়ের চমক, কেরালায় ধসে পড়ছে বাম দুর্গ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণি দুই রাজ্য তামিলনাড়ু ও কেরালায় বইছে পরিবর্তনের হাওয়া। সোমবার (৪ মে) সকালে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরুর পর প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে—তামিলনাড়ুতে অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) বড় চমক সৃষ্টি করেছে। অন্যদিকে, কেরালায় ক্ষমতাসীন বাম জোটের পতন এবং কংগ্রেস নেতৃত্বাধীন জোটের বড় জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

পর্দার সুপারস্টার থেকে পূর্ণাঙ্গ রাজনীতিক হওয়া থালাপতি বিজয় তাঁর প্রথম নির্বাচনেই তামিলনাড়ুর চিরাচরিত রাজনীতির মেরুকরণ বদলে দিয়েছেন। তিনি নিজে পেরাম্বুরতিরুচিরাপল্লি ইস্ট এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং দুই আসনেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ৯৯টি আসনে এগিয়ে আছেন বিজয়।

বিজয়ের দল রাজ্যের ২৩৪টি আসনেই এককভাবে লড়ছে। গত নির্বাচনে ডিএমকের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরাম্বুরে বিজয়ের এগিয়ে থাকা দক্ষিণি রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

কেরালার রাজনীতিতে পাঁচ বছর অন্তর সরকার বদলের প্রথা ভেঙে গতবার টানা দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল বামেরা। তবে এবারের নির্বাচনে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন এলডিএফ (LDF) বড় বিপর্যয়ের মুখে পড়েছে। ১৪০টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ (UDF) এখন পর্যন্ত ৯০টির বেশি আসনে এগিয়ে থেকে ক্ষমতায় আসার পথে রয়েছে।

সবচেয়ে বড় চমক হলো, খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁর নিজ নির্বাচনী এলাকা ধর্মদমে পিছিয়ে আছেন। এ ছাড়া রাজ্যের ১২ জন মন্ত্রী তাঁদের নিজ নিজ আসনে পিছিয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছেন বীণা জর্জ, এমবি রাজেশ ও ভি শিবনকুট্টির মতো হেভিওয়েট নেতারা। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৪টি আসনে এগিয়ে রয়েছে।

তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের এই উত্থানকে দ্রাবিড় রাজনীতির দুই স্তম্ভ ডিএমকে ও এডিএমকের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে কেরালায় কংগ্রেসের এই সম্ভাব্য জয় ভারতের জাতীয় রাজনীতিতে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন জোটকে বড় শক্তি জোগাবে।

দুই রাজ্যেরই চূড়ান্ত ফলাফল আজ বিকেলের মধ্যে স্পষ্ট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে প্রাথমিক প্রবণতা বলছে, দক্ষিণ ভারতের এই দুই রাজ্যে ক্ষমতার পালাবদল এখন সময়ের ব্যাপার মাত্র।

মন্তব্য করুন