নিজস্ব প্রতিবেদক: ক্ষমতার মোহে বিএনপি সরকার সংস্কার কার্যক্রম থেকে পিছিয়ে আসতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়, কিন্তু জনকল্যাণে সংস্কারের যে দায়িত্ব তাদের ওপর অর্পিত হয়েছে, তা পালনে তারা ব্যর্থ হচ্ছে।আজ রবিবার (৩ মে ২০২৬) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট’ বিষয়ক জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন যে ‘সংস্কারের বাহানায় নির্বাচন বিলম্বিত করা যাবে না’ বলেই তারা জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন। তারা বারবার ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের কথা বলছেন। অথচ ঐকমত্য কমিশনের আলোচনায় সিদ্ধান্ত ছিল যে, মূল সিদ্ধান্তই কার্যকর হবে এবং ভিন্নমত শুধু নথিভুক্ত থাকবে। গণভোট হয়ে যাওয়ার পর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের রাজি বা নারাজি হওয়াটা আর মুখ্য বিষয় থাকে না।বিএনপির অবস্থানের সমালোচনা করে এনসিপির সদস্য সচিব বলেন, গণভোটের প্রশ্নগুলোতে উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকারের নতুন ফর্মুলা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগের বিষয়ে স্পষ্ট উল্লেখ ছিল। নির্বাচনের আগে বিএনপি এই গণভোটে ‘হ্যাঁ’ বলার পক্ষে থাকলেও এখন ক্ষমতার বাহানায় পিছিয়ে যাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, “গণভোটের কোন বিষয়গুলোতে আপনাদের আপত্তি ছিল তা আমরা পরিষ্কার হতে চাই।”আখতার হোসেন বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, “জনগণ শুধু নির্বাচনের অপেক্ষায় বসে নেই, তারা সংস্কারও চায়। সামনের দিনে আপনারা কত ভালো আইন নিয়ে আসেন, তা শুধু আমরা নই, বাংলাদেশের আমজনতা দেখার অপেক্ষায় আছে।”
অনুষ্ঠানে এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং দেশের বর্তমান অর্থনৈতিক ও জ্বালানি খাতের সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
জান্নাত/সকালবেলা