সরকার গঠনের আড়াই মাসের মাথায় প্রথমবার সিলেট সফরে এসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও মোনাজাতে অংশ নেন এবং পরে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
বেলা ১১টায় সুরমা নদীর তীরের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নগর ভবনের সামনে আয়োজিত সুধী সমাবেশে ভাষণ দেন তিনি।
এরপর বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বহুল প্রতীক্ষিত বাসিয়া নদী খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করবেন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় কর্মী সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এই সফরকে কেন্দ্র করে সিলেটকে ‘আধ্যাত্মিক ও অর্থনৈতিক রাজধানী’ ঘোষণা, একটি পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ঢাকা-সিলেট মহাসড়ক দ্রুত ছয় লেনে উন্নীতকরণসহ ২৫ দফা দাবি জানিয়েছে স্থানীয় বিভিন্ন সংগঠন।
এছাড়া মৌলভীবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, হাওড়াঞ্চলে স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ এবং চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করার দাবিও সামনে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয়েছে এবং সকল কর্মসূচি শেষে আজ সন্ধ্যা ৭টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।