ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ঘিরে এখন সব আলোচনার কেন্দ্রে অভিনেতা থালাপথি বিজয় ও তার নবগঠিত দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)। সম্প্রতি প্রকাশিত ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র বুথফেরত জরিপে দাবি করা হয়েছে, ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল ৯৮ থেকে ১২০টি আসন জিতে সরাসরি ক্ষমতার কাছাকাছি পৌঁছে যেতে পারে। যদি এই পূর্বাভাস সত্য হয়, তবে এটি ডিএমকে ও এআইএডিএমকের মতো ঐতিহ্যবাহী দ্রাবিড় রাজনৈতিক শক্তির জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
জরিপ অনুযায়ী, বিজয়ের দল প্রায় ৩৫ শতাংশ ভোট পেতে পারে, যা ক্ষমতাসীন ডিএমকে জোটের প্রায় সমান। বিশ্লেষকদের মতে, শিক্ষিত ভোটার এবং যুবসমাজের মধ্যে বিজয়ের জনপ্রিয়তা আকাশচুম্বী। স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে ৪৬% এবং পেশাদার ডিগ্রিধারীদের মধ্যে প্রায় ৫১% ভোটার বিজয়ের দলকে সমর্থন করেছেন বলে জরিপে উঠে এসেছে। তবে বিজয়ের এই উত্থান যেমন চমকপ্রদ, তেমনি এতে ঝুঁকিও রয়েছে। যদি ভোটের হার সামান্য কমে যায়, তবে আসন সংখ্যা নাটকীয়ভাবে কমে ৩০ থেকে ৪০-এ নেমে আসতে পারে। সে ক্ষেত্রে ডিএমকে বা এআইএডিএমকে জোট সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারে।
গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত এই নির্বাচনে তামিলনাড়ুর ইতিহাসে রেকর্ড ৮৪.৬৯ শতাংশ (কেউ কেউ ৮৫.১ শতাংশ বলছেন) ভোট পড়েছে। ভোটারদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনেক সমীকরণই বদলে দিতে পারে। উল্লেখ্য যে, বিজয় নিজে পেরাম্বুর এবং ত্রিচি ইস্ট—এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আগামী সোমবার (৪ মে) ভোট গণনার পর জানা যাবে রুপালি পর্দার এই নায়ক বাস্তবের রাজনীতিতেও কতটা সফল হলেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ