বাংলাদেশের সান মারিনো সফরে থাকছেন জিকো

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ণ
বাংলাদেশের সান মারিনো সফরে থাকছেন জিকো

আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের ভিসা প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই সফরের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। বুধবার (১৩ মে) অন্য ফুটবলারদের সঙ্গে ভিসার আবেদন প্রক্রিয়ায় অংশ নেন তিনি।

২০২৩ সাফে টুর্নামেন্ট সেরা হওয়া জিকো শৃঙ্খলাজনিত কারণ ও সাবেক কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অনীহায় জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছিলেন। ঘরোয়া লিগে বসুন্ধরা কিংসের হয়ে ফর্মে থাকলেও ক্যাবরেরার বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচদের প্রাথমিক তালিকায়ও তার নাম ছিল না। প্রথমে তাকে মালদ্বীপের চারজাতি টুর্নামেন্টের দলে রাখা হলেও তিনি সেখানে খেলতে না চাওয়ায় একপর্যায়ে অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে বাফুফে তাকে সান মারিনো সফরের দলেই রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সান মারিনো ইতালির ভেতরে অবস্থিত হওয়ায় পুরো দলকে ইতালির ট্রানজিট ভিসা নিতে হচ্ছে। আজ তপু বর্মণ, রাকিব, বিশ্বনাথ ঘোষ, শেখ মোরসালিন, মিতুল মারমাসহ বেশ কয়েকজন ফুটবলার ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন। তবে অধিনায়ক জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও সামিত সোমের বিদেশি পাসপোর্ট থাকায় তাদের আলাদা ভিসার প্রয়োজন হচ্ছে না।

জাতীয় দলের প্রধান কোচের পদটি বর্তমানে শূন্য থাকায় স্থানীয় কোচ মারুফুল হক, সাইফুল বারী টিটু ও হাসান আল মামুন মিলে সফরের দলগুলো ঠিক করেছেন। সান মারিনো সফরে ম্যানেজার হিসেবে থাকছেন আমের খান এবং গোলরক্ষক কোচ হিসেবে থাকছেন নুরুজ্জামান নয়ন। অন্যদিকে, মালদ্বীপের চারজাতি টুর্নামেন্টে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মারুফুল হক।

বাফুফে আগামী ১৫ মে’র মধ্যে নতুন বিদেশি কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছে। ইউরোপের ভিসা প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় আগেভাগেই এই প্রশাসনিক কাজগুলো সেরে রাখছে ফেডারেশন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন