ক্রীড়া ডেস্ক: আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার (১৩ মে) তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। কমিশনের অন্য দুই সদস্য হলেন— গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উপ-সচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবিএম এহসানুল মামুন।
বিসিবির আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে প্রয়োজনীয় সকল কর্মকাণ্ড যথাযথ নীতিমালার মধ্যে থেকে তদারকি ও সম্পন্ন করাই হবে এই কমিশনের মূল কাজ।
বিসিবির গত নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পরই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেওয়া হয়।
পরবর্তীতে গত ৭ এপ্রিল বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে তামিম ইকবালকে দায়িত্ব দেওয়া হয়। এনএসসি কর্তৃক গঠিত ১১ সদস্যের এই অন্তর্বর্তীকালীন কমিটি আগামী জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিল। নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে সেই প্রক্রিয়া এখন চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে।