বিশ্বকাপের আগে মেসির চোটের শঙ্কা
প্রথমার্ধেই রেকর্ড ৮ গোল! সুয়ারেজের হ্যাটট্রিকের ম্যাচে মেসির চোট নিয়ে শঙ্কা
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ফুটবল বিশ্বকাপের মহারণের আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নিজের শেষ ম্যাচ খেলতে নেমে বড় ধরনের চোটের শঙ্কায় পড়েছেন লিওনেল মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে গোলবন্যার এই ম্যাচে ইন্টার মায়ামি ৬–৪ ব্যবধানের এক চোখধাঁধানো জয় পেলেও, ফুটবলবিশ্বের সব আলো কেড়ে নিয়েছে আর্জেন্টিনা অধিনায়কের মাঠ ছাড়ার দৃশ্য। ম্যাচে দুটি দুর্দান্ত গোল করালেও শেষ পর্যন্ত মেসির চোটের আশঙ্কাই বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে।
মায়ামির এনইউ স্টেডিয়ামে ম্যাচের ৭০ মিনিটের দিকে একটি ফ্রি–কিক নেওয়ার পর মেসিকে তাঁর বাঁ ঊরুর ওপরের অংশে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায়। হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করায় তিনি নিজেই বেঞ্চে বদলির আবেদন জানান। এরপর ৭৩ মিনিটে মাঠ থেকে বেরিয়ে তিনি আর বেঞ্চে বসেননি, সরাসরি ড্রেসিংরুমের পথ ধরেন। তাঁর পরিবর্তে মাঠে নামেন মাতেও সিলভেত্তি। তবে স্বস্তির বিষয় হলো, মাঠ ছাড়ার সময় মেসির অতিরিক্ত কোনো চিকিৎসাগত সহায়তার প্রয়োজন পড়েনি।
মেসির এই সম্ভাব্য চোট ইন্টার মায়ামির এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয়কে কিছুটা আড়াল করে দিয়েছে। ম্যাচের প্রথমার্ধেই দুই দল মিলে উপহার দিয়েছে রেকর্ড ৮টি গোল, এমএলএসের ইতিহাসে কোনো ম্যাচের প্রথমার্ধে এত গোল আগে কখনো দেখা যায়নি। ম্যাচের শুরুতেই ৯ মিনিটের মধ্যে ২ গোল করে চালকের আসনে বসেছিল ফিলাডেলফিয়া। এরপর মেসির নিখুঁত পাস থেকে ফাঁকা জালে বল জড়িয়ে ব্যবধান কমান গেরমান বেরটেরামে। ১৯ মিনিটে ফিলাডেলফিয়া আরও এক গোল করলে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে মায়ামি।
সেখান থেকে লুইস সুয়ারেজ ও বেরটেরামের জোড়া গোল এবং মেসির জোড়া ‘অ্যাসিস্ট’-এর ওপর ভর করে ৪১ মিনিটের মধ্যে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। তবে বিরতির ঠিক আগে মিলান ইওস্কি হ্যাটট্রিক পূর্ণ করলে ৪-৪ সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ভারী বৃষ্টিতে খেলা কিছুটা মন্থর হয়ে এলে মেসি মাঠ ছাড়েন। তবে তাঁর অনুপস্থিতি বুঝতে না দিয়ে ৮০ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন লুইস সুয়ারেজ। শেষ মুহূর্তে রদ্রিগো দি পল গোল করলে ৬-৪ ব্যবধানের জয় নিশ্চিত হয় মায়ামির।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইন্টার মায়ামি কোচ গিলের্মো হয়োস তাঁর দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে কথা বলেন। তিনি জানান, মেসির অস্বস্তির মূল কারণ সম্ভবত ক্লান্তি। কোচ বলেন, "এ মুহূর্তে আমাদের হাতে কোনো মেডিক্যাল রিপোর্ট নেই। তবে ও খুব ক্লান্ত ছিল। মাঠও বেশ ভারী ছিল। আর এমন পরিস্থিতিতে সামান্যতম সন্দেহ থাকলেও সাধারণত কোনো ঝুঁকি নেওয়া হয় না।"
আর্জেন্টিনার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্রীড়া সাংবাদিকেরা জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই মূলত বদলি করা হয়েছিল মেসিকে। হ্যামস্ট্রিংয়ের ওপর বাড়তি চাপ না দিতেই তিনি নিজে মাঠ ছাড়ার চতুর সিদ্ধান্ত নেন।
এখনো বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। তবে বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে আলবিসেলেস্তেদের ডেরায় মেসির খেলা নিশ্চিত। আগামী ১৬ জুন ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই মহাযজ্ঞের আগে মেসির এই ক্লান্তিজনিত চোট কত দ্রুত রিকভারি হয়, তা নিয়ে এবার বোধহয় আলোচনার ঝড় উঠবে চায়ের টেবিলে, প্যাভিলিয়নে কিংবা মিডিয়ায়।